২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মীয় প্রতিষ্ঠানের কমিটিতে ৩৩% নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতো ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতেও ৩৩% নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি তুলেছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এবং ২১টি নারী সংগঠনের জোট ‘শান্তি ও সম্প্রীতিতে নারীমঞ্চ’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2018, 07:37 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার আলোকে বাংলাদেশ সরকারের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় পরিকল্পনায় এ বিষয়টি যুক্ত করার আহ্বান তাদের।

এ পরিকল্পনা প্রণয়নে নারীদের মতামত ও পরামর্শ তুলে ধরতে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে বিএনপিএসের নির্বাহী পরিচালক রোকেয়া কবীরের সভাপতিত্বে মঙ্গলবার এক সংবাদ সম্মেলন হয়।

পৃথিবীব্যাপী নানা সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "এসব সহিংসতার কারণে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে নারী ও শিশু। প্রাকৃতিক দুর্যোগ বা পারিবারিক সহিংসতার শিকারও হচ্ছে নারী ও শিশুরা।”

সহিংসতামুক্ত সমাজ ও পৃথিবী গড়তে নারীদের ভূমিকার কথা উল্লেখ করে রোকেয়া কবীর বলেন, “বাংলাদেশে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পারিবারিক নির্যাতন বন্ধে এবং সমাজে উগ্র মতবাদের বিস্তার রোধে যারা কেন্দ্র থেকে প্রান্তে কাজ করছে এমন ২১টি নারী সংগঠনকে নিয়ে ‘শান্তি ও সম্প্রীতিতে নারীমঞ্চ’ গঠিত হয়েছে।

“বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও এই নারীমঞ্চের উদ্যোগে ২১টি জেলা এবং ৭ বিভাগীয়, জাতীয় কর্মশালার মধ্য দিয়ে শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কর্মপরিকল্পনায় নারীসমাজের মতামত ও পরামর্শ তুলে আনা হয়েছে।"

নারীর অংশগ্রহণ নিশ্চিতে সংসদের নির্বাচনী আইন ‘গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও’ অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য ২০২০ সালের মধ্যে অন্তর্ভুক্ত করার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপিএসের উপ-পরিচালক শাহনাজ সুমী জাতীয় কর্মপরিকল্পনায় যুক্ত করতে কয়েকটি দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো-

বিচার বিভাগ, মিডিয়া, বাণিজ্য খাত ও নিরাপত্তা বাহিনীতে (পুলিশ, বিজিবি, কমিউনিটি পুলিশ, সামরিক বাহিনীসহ সকল নিরাপত্তাবাহিনী) কমপক্ষে ৫০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা;

মসজিদ, হাট-বাজারসহ সকল ধরনের সরকারি-বেসরকারি কমিটিতে কমপক্ষে ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিত করা;

ত্রাণ বিতরণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ-পরবর্তী উন্নয়নসংক্রান্ত সকল পর্যায়ের কমিটিতে নারীর সমঅংশগ্রহণ ও মতামত নিশ্চিত করা;

ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে কমপক্ষে এক-তৃতীয়াংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা;

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জেন্ডার সচেতন করার জন্য কাউন্সেলর নিয়োগ বাধ্যতামূলক করা;

গৃহকাজে নারীর শ্রমকে জিডিপি-র আওতায় আনা;

স্কুল ও কলেজ পর্যায়ের নারীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা;

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে নারীদের বিভিন্ন ধরনের পূর্বপ্রস্তুতিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা;

আবাসিক হোটেল, পর্যটন, মোটেলে নারীদের অবস্থানকালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা;

মহিলা অধিদপ্তর ও যুব অধিদপ্তরের মাধ্যমে উগ্রবাদ, ধর্মীয় উগ্রতার কুফল বিষয়ে ওয়ার্ডভিত্তিক আলোচনা সভা করা;

বিদ্যমান নারী নির্যাতন প্রতিরোধমূলক আইন (নারী ও শিশু নির্যাতন দমন আাইন, পারিবারিক সুরক্ষা আইন, বাল্যবিবাহ নিরোধ আইন, অ্যাসিড দমন আইন, যৌতুকবিরোধী আইন, ইত্যাদি) বাস্তবায়ন করা ও বৈষম্যমূলক আইনের পরিবর্তন করা;

নারীর গৃহশ্রম এর মূল্যায়ন/যথাযথ স্বীকৃতি দেওয়া ও গৃহশ্রমিকের প্রতি যৌন নির্যাতন বন্ধে আলাদা আইন তৈরি করা;আশ্রয়কেন্দ্রগুলোতে নারী ও শিশুর প্রয়োজনীয় সুবিাধাগুলো (পরিষ্কার পানি, পয়ঃনিস্কাশন, স্যানিটারি ন্যাপকিন, পানি, সাবান, খাদ্য, বস্ত্র এবং চিকিৎসা) ব্যবস্থা নিশ্চিত করা;

জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে শেল্টার হোম/ওসিসি/পুনর্বাসন কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি, কার্যকর ও সেবার মান বৃদ্ধি করা এবং শক্তিশালী মনিটরিং সেল গঠন ও সক্রিয় করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন কুষ্টিয়ার মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ রুমী, ময়মনসিংহের তৃণমূল কারুপণ্যর ম্যানেজিং ডিরেক্টর আইনূন নাহার, রাঙামাটির প্রগেসিভের নির্বাহী পরিচালক সূচরিতা চাকমা, নাটোরের অনির্বাণ কর্মসংস্থানের নির্বাহী পরিচালক প্রভাতী বসাক প্রমুখ।