২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ওআইসি লেবার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

সৌদি আরবের জেদ্দায় ওআইসি শ্রম মন্ত্রীদের চতুর্থ ইসলামী সম্মেলনে দুই বছরের জন্য সংস্থাটির লেবার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2018, 10:03 PM

Updated : 19 Aug 2022, 01:38 PM

এবারের সম্মেলনের আয়োজক সৌদি আরব এই কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।  

সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) যৌথভাবে ‘মানবসম্পদ উন্নয়নের জন্য একটি সাধারণ কৌশল প্রণয়ন’ বিষয়ে সম্মেলনটির আয়োজন করে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে জেদ্দায় ওআইসি শ্রম মন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি যোগ দেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বোরহান উদ্দিনও এতে অংশ নেন।

এ সময় মন্ত্রী নুরুল ইসলাম সদস্য রাষ্ট্রগুলির মধ্যে শ্রম, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা সহযোগিতার জন্য ওআইসি ফ্রেমওয়ার্কের কার্যকারিতা বাড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, “কর্মক্ষেত্রে পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্যের উপর গুরুত্ব বাড়াতে হবে, শ্রম ও পেশাগত প্রশিক্ষণ পর্যবেক্ষকের জন্য 'দক্ষতা ব্যাংক', আইনি সুরক্ষা এবং শ্রম বাজার আইন, সামাজিক নিরাপত্তা সুরক্ষা জোরদার করতে হবে।”

সম্মেলনের পাশাপাশি মন্ত্রী সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আলি বিন নাসের আল গাফির সাথে বৈঠক করেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী এ সময় বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং দক্ষ শ্রমিক নিয়োগে সহায়তা কামনা করেন।

এর আগে বুধবার শ্রম মন্ত্রীদের চতুর্থ ইসলামী সম্মেলনের জন্য সিনিয়র অফিসারদের প্রস্তুতিমূলক বৈঠকের উদ্বোধনী অধিবেশন শুরু হয়। এতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহপরিচালক জুলহাস আহমেদ এবং বাংলাদেশ দূতাবাসের উপ-মিশন প্রধান নজরুল ইসলামসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা যোগ দেন।