২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তরুণদের কথাসাহিত্যে উঠে আসছে সমাজ ব্যবস্থার চিত্র’

সমসাময়িক সমাজ বাস্তবতা, অর্থনীতি ও রাজনীতির প্রেক্ষাপটকে ঘিরে তরুণ লেখকরা তাদের লেখায় সময়ের গল্প তুলে আনছেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে যোগ দিতে আসা বিভিন্ন দেশের কথাসাহিত্যিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2018, 08:24 PM

Updated : 11 Oct 2022, 12:08 PM

অমর একুশে বইমেলা উপলক্ষে বাংলা একাডেমি আয়োজন করেছে এই আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন।

বৃহস্পতিবার সকালে একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে উদ্বোধন হয় এই সম্মেলনের। এতে ‘দক্ষিণ এশিয়ার কথাসাহিত্য’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে কথাসাহিত্যের নানা দিক নিয়ে আলোচনা করেন বাংলাদেশের কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, অনুবাদক অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস, শ্রীলঙ্কার সাহিত্যিক ও এমিরেটাস অধ্যাপক জি বি দিশানায়েক, কলম্বিয়ার কথাসাহিত্যিক আন্দ্রেজ মাউরিসিয়ো মুনজ। মূল বক্তব্য উপস্থাপন করেন রিফাত মুনিম।

সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, “সাহিত্যে যখন পোস্ট মর্ডানিজমের কথা বলছি, তখন তরুণদের ছোট গল্প নিয়ে কথা বলতে হয়। বাংলা সাহিত্যের তরুণদের ছোট গল্পে দেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট উঠে আসছে। একইসঙ্গে উঠে আসছে অর্থনীতি ও জনজীবনের গুরুত্বপূর্ণ নানা ইস্যু। স্বতন্ত্র ভাষ্যে তারা রচনা করে চলেছেন দেশ-কালের কথা।

“তবে একটা ব্যাপার লক্ষ্য করছি, ইতিহাসভিত্তিক বয়ানে তারা যখন নেরেটিভ ভয়েসের আশ্রয় নিচ্ছে, তখন তাদের মধ্যে সিদ্ধান্তহীনতাও দেখা যায়। অবশ্য কে কিভাবে ইতিহাস বয়ান করবে, এটা তার একান্ত ব্যক্তিগত স্বাধীনতা।”

সাহিত্যে একুশে পদকজয়ী এই কথাসাহিত্যিক মনে করেন, দক্ষিণ এশিয় কথাসাহিত্য এখন ‘বাস্তবতামুখী’ হয়েছে।

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভাষার কথাসাহিত্য নিয়ে তিনি বলেন,  “নেপাল ও ভারতের উড়িষ্যা অঞ্চলের অনেক কথাসাহিত্য রয়েছে, যা সত্যিই চমকপ্রদ। কিন্তু সেগুলোর অনুবাদ আমরা পাইনি।  দক্ষিণ এশিয় সাহিত্যের আরো অনেক অনুবাদ হওয়া প্রয়োজন। অনুবাদের ক্ষেত্রে সোর্স ল্যাঙ্গুয়েজ ও টার্গেট ল্যাঙ্গুয়েজের প্রতি আমাদের আরো অনেক যত্নবান হতে হবে।”

তার কথার সূত্র ধরেই জে বি দিশানায়েক বলেন, “সিংহলা, তামিল, ইংরেজি- এই তিন ভাষায় কথা বললেও আমাদের দেশের কথাসাহিত্যে লোকজ অনেক ভাষার প্রভাব রয়েছে। আঠার শতকের আগে বিভিন্ন রাজাদের শাসনামলে পালি ও সংস্কৃত ভাষার চর্চা ছিল। আশপাশের রাজত্বের সঙ্গে যে বার্তা আদানপ্রদান হত, সেগুলোও কিন্তু পরে আমাদের কথাসাহিত্যের উপাদান হয়েছে।

“হ্যাঁ ইংরেজি ভাষার প্রভাবে সাহিত্যের বিস্তার হয়েছে, কিন্তু আমরা খুব সযত্নে সেসব ভাষার অক্ষরগুলো নিয়েও গবেষণা করি।”

আন্দ্রেজ মাউরিসিয়ো মুনজ প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাহিত্য পাঠের অভিজ্ঞতার কথা জানান।

তিনি বলেন, “হুমায়ূনের চরিত্রগুলো কাগজের বুক থেকে উপচে বাস্তবেও কেমন প্রভাব পড়েছিল, তার প্রমাণ পাই তার ‘বাকের ভাই’ চরিত্রটির মাধ্যমে।”

তিনি আরো বলেন, বাংলাদেশের কথাসাহিত্যের সঙ্গে কলম্বিয়ার কথাসাহিত্যের একটি প্রভাব রয়েছে। এমনকি দক্ষিণ আমেরিকার দেশটির কথাসাহিত্য কিছু ক্ষেত্রে বাংলা কথাসাহিত্যের কাছে ‘ঋণী’ বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার সকালে উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. ফকরুল আলম। আলোচক ছিলেন ভারতের অনুবাদক ও গবেষক রাধা চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম।

সম্মেলনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় দক্ষিণ এশিয়ার কথাসাহিত্য বিষয়ে ভারতীয় অধ্যাপক ও লেখক অরুণা চক্রবর্তী এবং বাংলাদেশের ড. ফিরদৌস আজিমের আলাপচারিতা।

জোঁড়াসাকোর ঠাকুরবাড়ির  অন্দরমহলের নারীদের জীবন নিয়ে নানা সাহিত্য রচনা করেছেন অরুণা। অনুবাদ করেছেন সুনীল চক্রবর্তীর ‘প্রথম আলো’।

 আলাপচারিতায় তিনি বলেন, “জোঁড়াসাকোর ঠাকুরবাড়ি নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম, অন্দরমহলের নারীদের নিয়ে কথাবার্তা অনেক কম। ঠাকুরবাড়িতে নারীদের একটি সাহিত্যপত্রিকা ছিল, নাম ‘ভারতী’। সে পত্রিকাতে ঠাকুরবাড়ির নারীদের কথা যা লেখা হত, তাতে কিন্তু অনেক ঘটনাই প্রকাশিত হত না। পরে দেখলাম ইন্দিরা দেবী চৌধুরাণী লিখেছেন, তার পিসিমার বিয়েতে তার মা জ্ঞানদানন্দিনীর বিয়ের গয়না দিয়ে দেওয়া হচ্ছে। তখন নারীদের প্রতি সামাজিক দৃষ্টিকোণ সম্পর্কে ধারণা পাই।”

ভারতীয় উপমহাদেশের সাহিত্যে তারকাখ্যাতিতে ‍পুরুষদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

“উপমহাদেশের অনেক নারী চরিত্র রয়েছেন, যারা নিজ অবস্থান থেকে সমাজ বদলে অবদান রেখে গেছেন। কিন্তু তাদের কথা উপন্যাস, গল্পে খুব কম এসেছে।”


এর আগে পহেলা ফেব্রুয়ারি গ্রন্থমেলার উদ্বোধনী দিনেই আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলা একাডেমির জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, মেলার ২২তম দিন পর্যন্ত আসা ৬৪৬২টি নতুন বইয়ের মধ্যে ছোট গল্পের বই এসেছে ৫১৪টি, উপন্যাস এসেছে ৫১৬টি, রচনাবলী ও সংকলন এসেছে ১৫টি,নাটকের বই এসেছে ১৬টি।

শুক্রবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার কবিতা শীর্ষক আলোচনাপর্ব। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক কায়সার হক। আলোচনায় অংশ নেবেন নেপালের লেখক আভি সুবেদি,  কবি মুহম্মদ নূরুল হুদা, অধ্যাপক সোনিয়া নিশাত আমিন এবং সাদাফ সায্।

বেলা ১২টায় দক্ষিণ এশিয়ার ভাষা এবং অনুবাদ  শীর্ষক সমাপনী আলোচনা পর্বে বক্তব্য উপস্থাপন করবেন অধ্যাপক আবদুস সেলিম। আলোচনায় অংশ নেবেন রাশিদ আসকারী, ফায়েজা হাসানাত এবং জি এইচ হাবীব।

সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার

বইমেলার ২২তম দিনে দেওয়া হয়েছে বাংলা একাডেমি পরিচালিত সৈয়দ ওয়ালীউল্লাহ্ পুরস্কার। এবার এই পুরস্কারটি পেয়েছেন কানাডা-প্রবাসী কবি মাসুদ খান এবং যুক্তরাজ্য-প্রবাসী কবি মুজিব ইরম। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর পুরস্কারটি তুলে দেন। এই পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা।

অনুষ্ঠানে মাসুদ খান অনুপস্থিত থাকায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন বাংলা একাডেমির কর্মকর্তা সাইমন জাকারিয়া।