শহীদ মিনারে বিএনপির কর্মসূচি সকালে
খালেদা জিয়া কারাবন্দি থাকায় এবার একুশের প্রথম প্রহরে নয়, ভোরবেলায় প্রভাতফেরী করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে বিএনপি।
দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানান।
তিনি বলেন, “২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস। এ দিবসে আমাদের কর্মসূচি থাকবে। আমরা রাত ১২টা এক মিনিটে আমাদের নেত্রীকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যেতাম, যেহেতু নেত্রী আমাদের সাথে নেই, সেজন্য প্রোগ্রামে আমরা যাচ্ছি না।
“সকাল বেলা প্রভাতফেরী করে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাব।”
মিলনায়তন ভাড়া দেওয়ার ক্ষেত্রে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন ও জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষকে সকলের প্রতি সমান আচরণ করার আহ্বান জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, “ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন- পেশাজীবীদের একটা সংগঠন। তাদের মিলনায়তনে আমরাই মনে হয় সবচেয়ে বেশি ভাড়া নেই, সবচেয়ে বেশি টাকা দিয়ে থাকি। মিলনায়তনের ভাড়া ৫৬ হাজার টাকা। তারা এখন আমাদেরকে এই ভাড়া দিচ্ছে না।”
সাংবাদিকদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, “জাতীয় প্রেস ক্লাব আপনাদের সংগঠন, তারাও সেভাবে আমাদেরকে ভাড়া দিচ্ছে না। এই বিষয়গুলো ঠিক না।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরবত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, আতাউর রহমান ঢালী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।
