২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছবিতে কাদামাটির শিল্পরূপ

হাতের খেলায় কাদামাটিতে গড়ে তোলেন একেকটা মনোমুগ্ধকর অবয়ব, প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থেকেই এই কারিগররা যুগিয়ে চলেছেন বাঙালির শিল্পের রসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2018, 09:10 PM

Updated : 11 Oct 2022, 12:06 PM

গ্রাম-বাংলার মৃৎশিল্পী তারা; তাদের হাত থেকে যেমন নিত্য ব্যবহারের হাড়ি-পাতিল আসে তেমনি গড়ে ওঠে পুতুল, হাতি-ঘোড়ার মতো খেলনা, পূজার প্রতিমা, সব ধর্মের বাণী খচিত শো-পিস।

কীভাবে কাজ করেন তারা, কেমন চলছে তাদের জীবন-সেই চিত্র ফ্রেমবন্দি করেছেন আলোকচিত্রী কিশোর কর্মকার। বরিশালের একটি গ্রামের মৃৎশিল্পীদের জীবনবাস্তবতার এই ছবি শখের বসে তুললেও সেগুলো নিয়ে ঢাকাবাসীর সামনে উপস্থিত হয়েছিলেন তিনি।

বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের ৪০টি মৃৎশিল্পী পরিবারের ২৫টি ছবি নিয়ে কিশোর আয়োজন করেন প্রদর্শনী; পুরানা পল্টনের মণি সিংহ-ফরহাদ ট্রাস্ট ভবনে প্রদর্শনী চলে শুক্র থেকে রোববার পর্যন্ত।

ফ্রেমে ফ্রেমে মৃৎশিল্পীদের জীবন চিত্র উঠে আসা এই প্রদর্শনীর শিরোনাম ‘পাললিক’। ষাটটি ছবি নিয়ে একই শিরোনামে বই বেরিয়েছে প্রকাশনা সংস্থা ‘বাংলাধরিত্রী’ থেকে।

আলোকচিত্র প্রদর্শনী সম্পর্কে কিশোর কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মা-মাটি ও মানুষের যে চালচিত্র সেটা সচরাচর আমাদের সামনে ধরা দেয় না। আদি শিল্পের রূপ তুলে আনার জন্য আমি দীর্ঘ সময় ধরে তাদের ছবি তুলেছি, সেখান থেকে ছবি নিয়ে এ প্রদর্শনী।”

মৃৎশিল্পীদের জীবনচক্র তুলে আনতে একটি গ্রামকে বাছাই এবং প্রায় পাঁচ বছর ধরে সেখানকার ছবি তোলার কথা জানান তিনি। প্রদর্শনীতে ২০১২ সালের ছবি প্রদর্শনীতে যেমন আছে, তেমনি ২০১৭ সালের শেষ দিকেরটাও থাকার কথা জানান আলোকচিত্রী।

কিশোর কর্মকার বলেন, “পারিবারিক পেশা হিসাবে টিকে আছে মৃৎশিল্পীদের কাজ। পরিবারের সদস্যদের কাজের সমন্বয় কীভাবে মাটির তৈরি জিনিসপত্রে ঘটে সেটাও তুলে আনার চেষ্টা আমার ছিল।”

পলল মাটিতে কেবল প্রতিমা আর ব্যবহার্য জিনিস তৈরি নয়- পুতুল, হাতি-ঘোড়ার মতো খেলনা আর শো-পিসও কলসকাঠির মৃৎশিল্পীদের কাজের অংশ বলে জানান আলোকচিত্রী কিশোর।

হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মেলবন্ধনও কলসকাঠির মাটির তৈরি সামগ্রীতে ঘটে থাকে জানিয়ে তিনি বলেন, “মৃৎশিল্পীকে কেবল সনাতন ধর্মাবলম্বীদের কাজ হিসাবে বিবেচনা করা হয়, কিন্তু বিষয়টি মোটেও তা নয়। সাম্প্রদায়িক চিন্তার বাইরে মুসলিমরাও সেখানে শ্রম দিচ্ছেন।

“প্রতিমা তৈরিতে মুসলিম সম্প্রদায়ের একজন যেভাবে কাজ করেন, সেভাবে মুসলিমদের ধর্মীয় বাণী লেখা মাটির জিনিস তৈরিতে হাত পড়ে একজন হিন্দু ধর্মাবলম্বীর।”

প্রদর্শনীর সুবাধে মৃৎশিল্পীদের পৃষ্ঠপোষকতার দাবি জানিয়ে এই আলোকচিত্রী বলেন, “তাদের সঙ্গে দীর্ঘদিন কাজ করে পেশাটাকে অবহেলিত দেখেছি। অনেকে সরে যাচ্ছেন শিল্পের আদি এ শাখা থেকে। আগে একশর বেশি মৃৎশিল্পী পরিবার থাকলেও এখন সেটা চল্লিশে নেমে এসেছে।”