রায়ের দিন সংঘর্ষ: জয়নুল, খোকনের আগাম জামিন
খালেদা জিয়ার রায়ের দিন সংঘর্ষের মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সম্পাদক মাহবুব উদ্দিন খোকনকে আগাম জামিন দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেয়।
জয়নুল ও খোকনের আইনজীবী জানিয়েছেন, পুলিশ এ মামলার প্রতিবেদন দেওয়া পর্যন্ত তারা জামিনে থাকবেন।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে যাওয়ার পথে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
ওই ঘটনায় নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ রমনা থানায় তিনটি মামলা করে। তিন মামলাতেই জয়নুল ও খোকনকে আসামি করা হয়।
আইনজীবী লিয়ন বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, তিনটি মামলাতেই ১৮০ জন করে আসামি করা হয়েছে।
