ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ঢাকায়
প্রথমবারের মত বাংলাদেশ সফরে ঢাকা পৌঁছেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন, যিনি মিয়ানমারে যাওয়ার আগে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্দশা নিজে চোখে দেখবেন।
ব্রিটিশ মন্ত্রী শুক্রবার বিকাল ৫টার দিকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান, ইউরোপ উইংয়ের মহাপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর এবং ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক তাকে স্বাগত জানান।
সন্ধ্যায় ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠকে বসবেন বরিস জনসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন।
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে আকাশপথে কার্গো পরিবহনের ওপর ২০১৬ সালের মার্চে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে তা তোলার বিষয়ে কোনো ঘোষণা আসতে পারে বলে বাংলাদেশের কর্মকর্তারা আশা করছেন।
তারা জানিয়েছেন, দ্বিপক্ষীয় সম্পর্ক, লন্ডনে অনুষ্ঠেয় কমনওয়েলথ সম্মেলন এবং ব্রেক্সিটের মত বিষয়ও রয়েছে দুই মন্ত্রীর আলোচ্যসূচিতে।
বরিস জনসন শনিবার কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবিরে যাবেন তাদের কষ্টের কথা তাদের মুখ থেকে শুনতে। সেখান থেকে ফিরে শনিবার রাতে তিনি মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হবেন।
চার দিনের এই সফরে মিয়ানমার থেকে থাইল্যান্ডেও যাওয়ার কথা রয়েছে বরিস জনসনের।
এমন এক সময়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও মিয়ানমার সফরে এলেন, যখন রোহিঙ্গা প্রত্যাবাসন এখনই শুরু না করার আহ্বান জানানো হচ্ছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে।
যুক্তরাজ্য সরকার, হাউজ অব কমন্সের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল এবং জনগণের পক্ষ থেকেও মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন পীড়নের জোরালো প্রতিবাদ জানানো হয়েছে; ব্রিটিশ সরকার বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও নিয়ে গেছে।
সেনা অভিযানে ব্যাপক হত্যা, ধর্ষণ আর লুপটাটের মধ্যে গত ২৫ অগাস্টের পর থেকে এ পর্যন্ত প্রায় সাত লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পালিয়ে এসেছে বাংলাদেশে। তাদের জন্য জরুরি সহায়তা হিসেবে ৫ কোটি ৯০ লাখ ডলার দিয়েছে যুক্তরাজ্য।
