আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার রায়
জিয়া এতিমখানা ট্রাস্টের জন্য বিদেশ থেকে আসা অর্থ আত্মসাতের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছর সাজার রায়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও শিরোনাম হয়েছে।
বিবিসি, দ্য ইন্ডিপেনডেন্ট, ভারতের টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, পিটিআই, পাকিস্তানের দ্য ডন, কাতারের আল জাজিরাসহ অধিকাংশ গণমাধ্যমের শীর্ষ সংবাদগুলোর তালিকায় স্থান করে নেয় খালেদার জিয়ার রায়ের খবর।
সাজার কারণে খালেদা বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেও উঠে এসেছে এসব গণমাধ্যমে।
এছাড়া রায়ের জন্য খালেদার আদালতে যাওয়ার পথে ঢাকার কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের সংঘর্ষের খবরটিও উঠে এসেছে কয়েকটি এসব গণমাধ্যমে।
বিদেশ থেকে জিয়া এতিমখানা ট্রাস্টের নামে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের দায়ে বৃহস্পতিবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আখতারুজ্জামান খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।
সেই সঙ্গে তাদের প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার করে জরিমানা করেছেন বিচারক।
বিবিসি ‘Bangladesh ex-PM Khaleda Zia jailed amid clashes’ শিরোনামে খালেদার সাজার খবর প্রকাশ করেছে, যেখানে তাকে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে।
এতে বলা হয়েছে, “এই রায়ের ফলে ৭২ বছর বয়সী এ বছরের শেষ দিকে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।”
রায় ঘোষণাকে কেন্দ্র ঢাকাজুড়ে কড়া নিরাপত্তা নেওয়া হয় বলেও বিবিসির খবরে বলা হয়। এছাড়া খালেদা আদালতে যাওয়ার পথে বিএনপিকর্মীদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ আহত হন বলেও এতে উল্লেখ করা হয়।
খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে গত কয়েকদিনে বিএনপির কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দলের নেতাদের বরাত দিয়ে বলেছে বিবিসি।
তাদের খবরেও বলা হয়েছে, এই রায়ের ফলে খালেদা পরবর্তী জাতীয় নিরবাচনে অংশ নিতে পারবেন না।
ভারতের টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম ছিল Bangladesh court jails opposition leader Khaleda Zia for five years। ছোট আকারে তাদের সংবাদে শুধু রায় এবং মামলার সংক্ষিপ্ত বিবরণ উঠে এসেছে।
Former Bangladesh PM Khaleda Zia Gets 5 Years In Jail For Corruption শিরোনামে এনটিডিভির খবরে বলা হয়, রায় ঘোষণার আগে বিএনপিকর্মীদের সংঘর্ষে পুলিশ কাঁদুনে গ্যাস ছুড়েছে।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াও খালেদার রায় নিয়ে সংবাদ করেছে।
পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন শিরোনাম করেছে Bangladesh opposition leader Khaleda Zia handed 5-year jail sentence for embezzlement
বিএনপিনেতা রুহুল কবির রিজভীর বরাত দিয়ে ডন বলছে, রায়কে ঘিরে পুলিশ তাদের নেতারকর্মীরা পুলিশের ব্যাপক ধরপাকড়ের শিকার হয়েছেন। পুলশের হাতের আটকের সংখ্যা সাড়ে ৩ হাজার বলে ডনের খবরে দাবি করা হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বৃহস্পতিবার এ ধরনের ‘ব্যাপক গ্রেপ্তার’ বন্ধের আহ্বান জানিয়েছে বলে উল্লেখ করেছে ডন।
রায় ঘোষণাকে কেন্দ্র বিশৃঙ্খলার আশঙ্কায় ঢাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কলাও বলা হয়েছে তাদের খবরে।
Khaleda Zia jailed for five years in corruption case শিরোনামে কাতারের আল জাজিরার খবরে রায়ের সঙ্গে বিএনপিনেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিক্রিয়াও দিয়েছে।
রায়ের প্রতিবাদে মির্জা ফখরুল শুক্রবার বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছেন, তা উঠে এসেছে আল জাজিরার খবরে। এছাড়া রায়ের আগে বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের কথা জানিয়েছে সংবাদমাধ্যমটি।
