২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হুমায়ূন সবাইকে ছাড়াবেন-এ আর নতুন কী!’

লেখকের মৃত্যুতে ছয় বছর কোনো নতুন বই প্রকাশ না হলেও ভাটা পড়েনি তার বইয়ের চাহিদায়, সেই লেখক হুমায়ূন আহমেদ, তার গল্প-উপন্যাসই বইমেলার এই এক সপ্তাহে সবচেয়ে বেশি বিক্রি হওয়ার কথা জানালেন প্রকাশকরা।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2018, 10:42 PM

Updated : 11 Oct 2022, 12:05 PM

অন্যপ্রকাশ ছাড়াও অবসর, সময় প্রকাশন ও কাকলী প্রকাশনী এনেছে হুমায়ূনের বই। তাদের মধ্যে কাকলী থেকে প্রকাশিত হুমায়ূন আহমেদের রচনাসমগ্রই বিক্রির শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন প্রকাশকরা।

ব্যাপক পাঠকপ্রিয়তা পাওয়া ‘হিমু’ ও ‘মিসির আলী’র মতো জনপ্রিয় অনেক চরিত্রের স্রষ্টা হুমায়ূন আহমেদ সায়েন্স ফিকশন লিখেছেন। মুক্তিযুদ্ধকে উপজীব্য করে সাহিত্য রয়েছে তার।

বিভিন্ন স্টল থেকে এসব বইও সংগ্রহ করছেন পাঠকরা।বইমেলার প্রায় প্রতি দিনই হুমায়ূন আহমেদের বইয়ের স্টলগুলোতে দর্শনার্থীদের আনাগোনা দেখা যায়। 

বুধবার বইমেলায় আসা মিতু, বর্ষা ও রিমি- তিন তরুণ পাঠকের প্রথম পছন্দ হুমায়ূন আহমেদ। এদের কারও ভালো লাগে ‘হিমু’, কারও ‘মিসির আলী’। ‘হিমু সমগ্র’ আর ‘মিসির আলী সমগ্র’ কিনে মেলা থেকে বেরোচ্ছিলেন তারা। হিমু ও মিসির আলী সিরিজের সব বই একসঙ্গে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এই পাঠকরা।

হুমায়ূন আহমেদ পাঠকের কাছে কখন ‘পুরাতন হবেন না’ বলে মন্তব্য করেন আরেক তরুণ আরেফিন আহমেদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হুমায়ূনের রচনা যতবার পড়ি ততবারই আমার কাছে মনে হয়, আমি প্রথমবার হুমায়ূন আহমেদকে পড়ছি। কথাসাহিত্যের এই জাদুকর এখনও তরুণ পাঠকের আগ্রহের শীর্ষেই। তার রচনাসমগ্র অনেকগুলো আমার কাছে নেই। বইমেলায় এলে সেগুলো একসঙ্গে পাওয়া যায়, তাই মেলার প্রথমভাগে সেগুলো সংগ্রহে রাখছি।”

অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে হুমায়ূন আহমেদের ২৫টি বই। এই প্রকাশনীর স্টলকর্মীরা জানান,  ‘দেয়াল’, ‘জোছনা ও জননীর গল্প, ‘মধ্যাহ্ন’, ‘বাদশাহ নামদার’, ‘শঙ্খনীল কারাগার’ ও ‘নন্দিত নরকে’ উপন্যাসগুলোর চাহিদা রয়েছে দারুণ।

অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম বলেন, “কোনো কোনো কথাসাহিত্যিকের মৃত্যুর পর তার সাহিত্য, রচনার আবেদন ফুরিয়ে যায়। পাঠকও একদিন তাকে ভুলে যান, নতুন রচনার অভাবে প্রকাশকরাও ছাপতে চান না নতুন বই। তবে হুমায়ূন স্যার আমাদের সব প্রত্যাশাকে ছাড়িয়ে গেছেন। মৃত্যুর পর তিনি এক নতুন মহিমায় আবির্ভূত হয়েছেন। লোকান্তরে চলে যাওয়া অমর এই কথাসাহিত্যিকের আবেদন যেন আরও বেড়ে গেছে।

“যে প্রজন্ম কখনও হুমায়ূন আহমেদকে কাছ থেকে দেখেনি, তাদের কাছে তো হুমায়ূন আহমেদ চিরনতুন। আজ থেকে আরও অনেক বছর পরেও হুমায়ূন সাহিত্যের আবেদন কখনও ফুরাবে না। তিনি নতুন পাঠকের কাছে থাকবেন চির নতুন। পুরনো পাঠকের কাছে আবির্ভূত হবেন নতুন চেহারায়।”

হুমায়ূন আহমেদের বই মিলছে প্রকাশনা সংস্থা অবসরে। এখান থেকে প্রকাশিত হয়েছে তার ৫০টির বেশি বই। এবারের মেলায় অবসর এনেছে হুমায়ূন আহমেদের ‘সেরা সাত ভৌতিক উপন্যাস’ ও ‘সেরা সাত মুক্তিযুদ্ধের উপন্যাস’।

অবসরের মালিক আলমগীর রহমান বলেন, “হুমায়ূন আহমেদ যে তার জীবদ্দশাতেই কালজয়ী হয়ে উঠেছিলেন তার প্রমাণ আজ পাওয়া যায় আমাদের মধ্যবিত্ত সমাজের দুঃখ, হাসি, কান্না, আনন্দের কথা এভাবে আর কেউ বলেননি। তার মতো দ্বিতীয় কাউকে আমরা আর পাব না।”

এবারের মেলায় এ প্রকাশনী থেকে এসেছে ‘শ্রেষ্ঠ হুমায়ূন আহমেদ’, যাতে সংকলিত হয়েছে লেখকের নয়টি উপন্যাস ‘নন্দিত নরকে’, ‘শঙ্খনীল কারাগার’, ‘ময়ূরাক্ষী’, ‘মেঘ বলেছে যাবো যাবো’, ‘অপেক্ষা’, ‘লীলাবতী’, ‘কহেন কবি কালীদাস’, ‘মাতাল হাওয়া’ ও ‘বাদশাহ নামদার’।

সময় প্রকাশন ছেপেছে হুমায়ূন আহমেদের ২৮টি বই। প্রকাশনাটির মালিক ফরিদ আহমেদ বলেন, “পুরনো বইয়ের মধ্যে এখনও হুমায়ূন আহমেদের বইয়ের বিক্রি সবার শীর্ষে। বই বিক্রির কথাই যদি বলি, তবে হুমায়ূন আহমেদ সবাইকে ছাড়িয়ে যাবেন, এ আর নতুন কী!”

হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন বলেন, “হুমায়ূন আহমেদ পুরনো হয়ে যাবেন, একথা আমি মানতে নারাজ। নতুন পাঠকের কাছে তিনি সব সময় নতুন, যে পাঠক এখনও হুমায়ূন আহমেদের রচনা পড়েনি, তাদের আগ্রহের শীর্ষে।

“তার যেসব বই অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে, তা কখনও পুরনো হয়নি।”

‘হুমায়ূন রচনাবলী’ প্রকাশ নিয়ে তিনি বলেন, “যখন একজন লেখক কালজয়ী হয়ে উঠেন তখন তার সব রচনা নিয়ে সমগ্র বের করাই তো শ্রেয়। যারা হুমায়ূনের সবগুলো বই একসঙ্গে সংগ্রহ করতে চান তাদের জন্য এই রচনাবলী ভীষণ আনন্দের হবে।”

বইমেলায় গুলতেকিন খানের উপন্যাস ‘চৌকাঠ’

কাব্য, কাব্যনাটক ও শিশুতোষ গ্রন্থের পর এবার গুলতেকিন খানের উপন্যাস এসেছে বইমেলায়। তাম্রলিপি প্রকাশনী থেকে প্রকাশিত ‘চৌকাঠ’ উপন্যাসটির দাম রাখা হয়েছে ২০০ টাকা।

এই উপন্যাস নিয়ে গুলতেকিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের প্রত্যেকেরই অন্তত একটি গল্প আছে, সরলরেখাতেই হোক বা বৃত্তাকারেই হোক গল্পগুলো পাশাপাশি অবস্থান না করে জট পাকিয়ে যায় এক সময়। যুক্তি-তর্ক বা নিয়মকানুনের খুব একটা ধার তারা ধারে না।

“যে দৃশ্যমান চৌকাঠগুলো আমাদের চারপাশে নিরন্তর পাহারা দিতে থাকে, তাদের ছাড়িয়েও আমাদের থাকে অনেক সীমানা। প্রেম আর অপ্রেমের মাঝখানে জেগে থাকে নিরানন্দ এক পথ। এসব নিয়েই একটুখানি লেখার চেষ্টা।”

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য পড়ে আসা গুলতেকিন সাহিত্যের সব শাখায় লিখতে চান।

“উপন্যাসটি অনেক সময় নিয়ে লিখেছি, এবার বইমেলায় তা চলেও এলো। এটি মূল্যায়নের দায়িত্ব পাঠকের। তারা গ্রহণ করলে আমি নিশ্চয় ধারাবাহিকভাবে উপন্যাস লিখব।”