তৌফিক-ই-এলাহীর আত্মজীবনী বইয়ের মোড়ক উন্মোচন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরীর আত্মজীবনী বইয়ের মোড়ক উন্মোচন করেছেন।
গণভবনে মঙ্গলবার সন্ধ্যায় ‘Chariot of Life Liberation War Politics sojourn in Jail’ নামের বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
এসময় তৌফিক-ই-ইলাহী তার স্ত্রী উপস্থিত ছিলেন।
বইটি প্রকাশ করেছেন শ্রাবণ প্রকাশনী। শ্রাবণের স্বত্ত্বাধিকারী রবিন আহসানও এসময় উপস্থিত ছিলেন।
রবিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রী মোড়ক উন্মোচনের পর বইটি দেখে প্রশংসা করেছেন।
“বইটিতে স্থান পেয়েছে তার তারুণ্য, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে অংশ নেওয়া।”
বিভিন্ন ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষদর্শী বিবরণ পাওয়া যাবে এই বইয়ে।
আত্মজীবনী হলেও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০০৭ সালে অসাংবিধানিক সরকারের ক্ষমতা গ্রহণের পর কিভাবে বাঙালির জীবনের গতিপথ পাল্টে গিয়েছিল, সব উঠে এসেছে এই বইয়ে।
তৌফিক-ই-এলাহী চৌধরী মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা আর বিনাবিচারে তার কারাভোগের কথা তুলে এনেছেন। লেখক বলেছেন, কিভাবে তার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বিভিন্ন সময় অন্যায় সব অভিযোগ চাপানোর চেষ্টা হয়েছে।
বইয়ে সংক্ষিপ্তভাবে হলেও শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক অভিযাত্রা থেকে শুরু করে বাংলাদেশকে এগিয়ে নিতে তার অদম্য ইচ্ছার কথাও উঠে এসেছ লেখকের জবানীতে।
১৯৭১ সালের এপ্রিলে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের মূল আয়োজকদের একজন ছিলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি শুধু ইতিহাসের সাক্ষীই হননি, নিজেই ইতিহাসের অংশ হয়েছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত হন।
৩৮৮ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ১২০০ টাকা।
