খালেদার রায়ের দিন ‘মাঠে’ থাকবেন পরিবহন মালিক-শ্রমিকরা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ের দিন বাস টার্মিনালগুলোতে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকরা।
এই রায় নিয়ে উত্তেজনায় জনমনে উদ্বেগের মধ্যে মঙ্গলবার এই ঘোষণা দিয়ে তারা বলছেন, নাশকতা প্রতিরোধে তাদের ‘মাঠে’ থাকার এই সিদ্ধান্ত।
বিএনপি নাশকতা করবে- রায়ের আগেই তা কীভাবে নিশ্চিত হলেন- সাংবাদিকদের এই প্রশ্নে পরিবহন মালিকদের নেতা খন্দকার এনায়েত উল্লাহ বলেন, “রায়ে সাজা হবে কি হবে না সেটা আদালত বলবেন। কিন্তু তারা এখন যে মহড়া দিচ্ছেন, তাতে আমাদের মনে হচ্ছে খালেদা জিয়ার জেল হলে তারা নাশকতা চালাতে পারেন।”
“সুতরাং তারা যেহেতু হুমকি-ধমকি দিচ্ছে, সেহেতু আমরাও আমাদের নিরাপত্তার জন্য প্রস্তুতি নিয়ে রাখছি,” সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখান তিনি।
রায়ের দুদিন আগে মঙ্গলবার ঢাকার মতিঝিলে বিআরটিসি ভবনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতারা।
ক্ষমতাসীন আওয়ামী লীগের যুক্ত এনায়েত উল্লাহ বলেন, “ঢাকার সায়েদাবাদ, মহাখালী ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল এবং যাত্রাবাড়ী এলাকায় ১৫ হাজার মালিক-শ্রমিক মাঠে থাকবে। কেউ নাশকতা করতে এলে তার সমুচিত জবাব দেওয়া হবে।”
রায়ের পর বিএনপি হরতাল দিলেও গাড়ি চালানোর ঘোষণা দেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ।
“যদি হরতাল দেয় তাহলেও গাড়ি চলবে। ঢাকার সব রুটে এবং শহরতলীর সব রুটে আমরা গাড়ি চালাব। আর যাত্রী পাওয়া গেলে দূরপাল্লার রুটের বাসও চলবে।”
