প্রয়োজনে ৩২ ধারায় সাংবাদিকদের সুরক্ষার উপধারা হবে: আইনমন্ত্রী
প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা নিয়ে সমালোচনার মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রয়োজন হলে ‘অনুসন্ধানী সাংবাদিকতার সুরক্ষায়’ ওই ধারার সঙ্গে একটি উপ ধারা যোগ করা যেতে পারে।
তবে ওই ধারা সাংবাদিকদের ‘ঘায়েল করার জন্য করা হয়নি’ মন্তব্য করে বিষয়টি ‘নিজেদের ঘাড়ে’ না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ল’ রিপোর্টার্স ফোরামের উদ্যোগে মঙ্গলবার এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রীর এমন বক্তব্য আসে।
প্রস্তাবিত আইনের ৩২ ধারা অনুসন্ধানী সাংবাদিকতার ‘বাধা হবে না’ দাবি করে তিনি বলেন, “ন্যায়সঙ্গত কারণ থাকলে দরকার হলে জনস্বার্থে ও অনুসন্ধানী সাংবাদিকতার সুরক্ষায় ৩২ ধারায় একটি সাব সেকশন অন্তভূর্ক্ত করা হবে।”
তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় সাংবাদিকদের হয়রানি ও মত প্রকাশের স্বাধীনতা খর্বের অভিযোগ ওঠায় প্রতিবাদের মুখে ওই ধারাটি বাতিলের উদ্যোগের সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন করছে সরকার।
গত ২৯ জানুয়ারি মন্ত্রিসভায় ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন পাওয়ার পর সরকারের পক্ষ থেকে বলা হয়, ৫৭ ধারার বিষয়বস্তুগুলো আরও বিশদ আকারে প্রস্তাবিত নতুন আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রস্তাবিত আইনের ৩২ ধারায় সরকারি গোপন তথ্য-উপাত্ত ডিজিটাল উপায়ে ধারণ, স্থানান্তর বা সংরক্ষণ করা এবং তাতে সহায়তাকে গুপ্তচরবৃত্তির অপরাধ হিসেবে গণ্য করে ১৪ বছরের কারাদণ্ড বা ২৫ লাখ টাকা জরিমানার কথা বলা হয়েছে।
এ আইন পাস হলে তা অনুসন্ধানী সাংবাদিকতার কণ্ঠ রোধ করার জন্য ৫৭ ধারার চেয়েও আরও বড় অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে বলে আশঙ্কা করছেন সংবাদকর্মী ও মানবাধিকারকর্মীরা।
সে বিষয়টি তুলে ধরে ল’ রিপোর্টার্স ফোরমের অনুষ্ঠানে আইনমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, ৩২ ধারা বাদ দেওয়ার কোনো উদ্যোগ সরকার নেবে কি-না।
“আজকে যে ডিজিটাল নিরাপত্তা আইনটা হচ্ছে, সেখানে দেখা যাবে অপরাধগুলোকে অনেক স্পষ্ট করা হয়েছে। ছোটো অপরাধের জন্য ন্যূনতম সাজা, বড় অপরাধের জন্য কিন্তু বড় রকম সাজা। আজকের ডিজিটাল নিরাপত্তা আইনে যেসব অপরাধ অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই পেনাল কোডের অপরাধ।”
এর ব্যাখ্যায় তিনি বলেন, অপরাধ হিসেবে চুরি একটি সংজ্ঞা পেনাল কোডে (ফৌজদারি দণ্ডবিধি) আছে; কিন্তু কেউ সেই চুরি ডিজিটাল ডিভাইসের মাধ্যমে করলে ওই আইনে সাজা দেওয়া যাচ্ছে না। অথচ চুরির অপরাধ সেখানে ঠিকই হচ্ছে। এক্ষেত্রে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে চুরিকে ডিজিটাল নিরাপত্তা আইনে সংজ্ঞায়িত করা হয়েছে।
“একইভভাবে প্রস্তাবিত আইনের ৩২ ধারার ‘গুপ্তচরবৃত্তি’ অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে আগেই ছিল।”
৩২ ধারা নিয়ে অভয় দিয়ে মন্ত্রী বলেন, “এটা তো সাংবাদিকদের ঘায়েল করার জন্য কোনো আইন করা হয়নি। আপনারা কেন এটা আপনাদের ঘাড়ে নিচ্ছেন। আপনাদের টার্গেট করে তা আইন করা হয়নি।”
অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে কেউ যদি সত্য উদঘাটন করেন, তাহলে তা ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারায় ফেলা যাবে না বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।
কোনো সাংবাদিককে ফাঁসানো হলে তার পক্ষে আদালতে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে আইনজীবী আনিসুল হক বলেন, “আজকে থেকে যতদিন আমি বেঁচে থাকি, আমি বলতে চাই, অনুসন্ধানী রিপোর্টিং করার জন্য যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে ৩২ ধারায় মামলা হয়, তার পক্ষে বিনা ফিতে আমি কোর্টে দাঁড়াব।”
রিজার্ভ চুরির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এরকম আরও অনেক অপরাধ আছে, যেগুলোর বিচার ৩২ ধারায় করা যাবে।
“সংজ্ঞায় কিন্তু স্পষ্ট বলা আছে কাজটা কীভাবে করলে তা গুপ্তচরবৃত্তি হবে।… একজন সাংবাদিকের অনুসন্ধান গুপ্তচরবৃত্তি হবে না। স্পায়িং হল সেটা যে, আপনি তথ্যটা নিয়ে সরকারের শত্রুর কাছে বা দেশের শত্রুর কাছে দিলেন। আপনি একটা তথ্য নিয়ে গেলেই তা কিন্তু গুপ্তচরবৃত্তি না।
“মূল বিষয় হল অপরাধ করার অভিপ্রায়। আপনি একটি রিপোর্টিং করলে অসৎ উদ্দেশ্য যেহেতু নাই, আপনি ৩২ ধারায় পড়বেন না। যিনি দিয়েছেন তিনি দায়িত্বে অবহেলার জন্য হয়ত দোষী হতে পারন, কিন্তু ৩২ ধারায় তিনিও পড়বেন না।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই মিট দ্য প্রেস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডেইলি স্টারের সাংবাদিক আশুতোষ সরকার। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক দীপ্ত টেলিভিশনের সাংবাদিক আজিজুল ইসলাম পান্নু।
সংগঠনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
