বইমেলায় হঠাৎ সাকিব উন্মাদনা
গ্রাফিক নভেলে শিশুতোষ চরিত্রে উঠে এলো বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক (টেস্ট ও টি টোয়েন্টি) সাকিব আল হাসানের শৈশবের গল্পগুলো। দস্যি ছেলের ক্রিকেটার হয়ে ওঠার গল্প নিয়ে বইমেলার পঞ্চম দিনে প্রকাশিত হল সাকিবের জীবনীগ্রন্থ ‘হালুম’।
পার্ল পাবলিকেশন্স থেকে আসা বইটি লুফে নিতে বইমেলার পঞ্চম দিন সোমবার বিকালে মেলাপ্রাঙ্গন জুড়ে ছিল তরুণ পাঠকদের ভিড়।
প্রচারণার অংশ হিসেবেই মেলায় এসেছিলেন সাকিব, বইয়ের পাতায় ভক্তদের এঁকে দিয়েছেন ভালোবাসার স্বাক্ষর। সব মিলিয়ে এক ঘণ্টা ২০ মিনিট পার্লের প্যাভিলিয়নে ছিলেন সাকিব আল হাসান। আর এ পুরোটা সময় জুড়েই মেলায় ছড়িয়ে ছিল সাকিব উন্মাদনা।
পার্ল পাবলিকেশন্সের স্বত্বাধিকারী হাসান জায়েদী জানান, বাচ্চাদের উপযোগী করে চার রঙে ছাপা হয়েছে সাকিবের ‘হালুম’। বইটি সাকিব উৎসর্গ করেছেন তার বাবা ও মাকে। বইটির মূল্য ২৫০ টাকা।
সাকিবের অটোগ্রাফসহ বই পেয়ে আপ্লুত হয়ে পড়েন তার ভক্তরা। ঢাকা সিটি কলেজের দুই বান্ধবী তিথি আর মিতু অনেক কষ্ট করে সাকিবের অটোগ্রাফ নিয়েছেন, সেলফিও তুলেছেন।
তিথি বললেন, “মাত্র এক হাতের জন্য সাকিবকে ছুঁতে পারিনি। অসাধারণ লাগছে।”
ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণির ছাত্র ইমতিয়াজ আহসান বললেন, “ফেসবুক থেকে জেনেছি সাকিব আল হাসান আসবেন। তাই সব কাজ ফেলে ছুটে এসেছি, বই কিনেছি ও অটোগ্রাফও নিয়েছে। তবে কাছ থেকে সেলফি তুলতে পারিনি।”
বিপিএল- এ আগ্রহ
বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেড (বিপিএল) এ এখনো আসেনি নতুন বই। এই প্রকাশনা সংস্থার পুরনো বইগুলোর প্রতি ছিল পাঠকের দারুণ আগ্রহ।
২০১৭ সালের গ্রন্থমেলার আলোচিত বই অভিনেত্রী কবরী সারোয়ারের আত্মজৈবনিক গ্রন্থ ‘স্মৃতিটুকু থাক’ এবারও মেলার প্রথমভাগে পাঠকের দৃষ্টি কেড়েছে।
নারায়ণগঞ্জ থেকে আসা পাঠক আনোয়ার সাদাত বলেন, “গতবার মেলায় আমি বইটি সংগ্রহ করতে পারিনি। বিপিএল থেকে আসা বইটি এবার লুফে নিলাম। কবরীর সিনেমাগুলো বাবা কখনো মিস করতেন না। বইটি আমি তাকে উপহার দেব।”
পাশাপাশি বিপিএল থেকে প্রকাশিত আলোকচিত্রী সাংবাদিক মুস্তাফিজ মামুনের ভ্রমণবিষয়ক গ্রন্থ ‘বনে বেড়াই’ এর বিক্রিও দারুণ।
বইটি লুফে নিয়ে সুরভী আক্তার বলেন, “গতবার লেখকের অটোগ্রাফসহ বইটি কিনেছিলাম। আমাদের বন্ধুদের দল এখানে-ওখানে ঘুরে বেড়াই। ঘুরে বেড়াতে গিয়ে এই বইটি দারুণ তথ্য সহায়তা দিয়েছে। বন্ধুদের অনেকে বইটি উপহার চেয়েছে। তাদের জন্য বইটি কিনে নিয়ে যাচ্ছি।”
সাহিত্যের ছাত্রী জান্নাতুন নাঈম কিনে নিয়েছেন ‘রবীন্দ্র বিতর্ক’, ‘পারস্যে রবীন্দ্রনাথ’ বই দুটি। রবীন্দ্রপ্রেমী এই পাঠক বলেন, “বিপিএল থেকে আসা বই দুটি আমি স্টলে বসেই পড়েছি খানিকটা। বইয়ের মলাট থেকে শুরু করে ছাপার অক্ষর, কাগজ আর সাহিত্য আলোচনা সবই আমার কাছে অভূতপূর্ব লেগেছে। মানসম্মত বই তো এমনই হওয়া চাই।”
বিপিএল থেকে আসা খালিকুজ্জামান ইলিয়াসের অনুবাদগ্রন্থ ‘গোল্ডেন বাউ’ এর রয়েছে চাহিদা। অনুবাদপ্রিয় পাঠকদের অনেকেই বইটি কিনে নিয়েছেন।
তাদের একজন মাহিদুল হক বলেন, “অনুবাদ সাহিত্যের মান নিয়ে আমি সন্তুষ্ট নই। তবে খালিকুজ্জামানের অনুবাদ সত্যি ভালো। তার এই অনুবাদ গ্রন্থটি আমি সংগ্রহে রাখতে নিয়ে যাচ্ছি।”
মেলার মূল মঞ্চের আয়োজন
সোমবার বিকাল ৪টায় মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘আ জ ম তকীয়ূল্লাহ: জীবন ও কর্ম ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন আলী ইমাম; আলোচনায় অংশ নেন রতন সিদ্দিকী ও শান্তা মারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষাসংগ্রামী, প্রাবন্ধিক আহমদ রফিক।
পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী শামা রহমান, স্বর্ণময়ী মণ্ডল, আব্দুর রশীদ, স্বপ্নীল সজীব।
নতুন বই
মেলার পঞ্চম দিনে এসেছে ১১৬টি নতুন বই।
এরমধ্যে গ্রন্থ কুটির এনেছে হরিশংকর জলদাসের ‘তিতাস পাড়ের উপাখ্যান’, হামীম কামরুল হকের ‘আচ্ছন্নতার বাগান’, শ্রাবণ প্রকাশনী এনেছে সৈয়দ বদরুল আহসানের ‘হিসটোরি মেকারসিন আওয়ার টাইমস’, শোভা প্রকাশ এনেছে তারেক শামসুর রেহমানের ‘আন্তর্জাতিক রাজনীতি কোষ’, অ্যাডর্ন এনেছে আবুল কাশেম ফজলুল হকের ‘সাহিত্য চিন্তা’, বাংলা প্রকাশ এনেছে হাসান আজিজুল হকের ‘লেখকের উপনিবেশ’, নবযুগ এনেছে সনজীদা খাতুনের ‘স্মৃতিপটে গুণীজন’, উৎস প্রকাশনী এনেছে শাহজাহান সরদারের ‘রিপোর্টার থেকে সম্পাদক’, সময় এনেছে সুমন্ত আসলামের ‘চালাক গোয়েন্দা চালাক খুনী’, অনিন্দ্য এনেছে আহমদ রফিকের ‘কবিতার বিচিত্র ভাষ্য’, ‘নির্বাচিত কবিতা’, কবি প্রকাশনী এনেছে নির্মলেন্দু গুনের ‘মুজিব মঙ্গল’।
