২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন হচ্ছে: বিএডিসির নোটিস না মানলে ১০ হাজার টাকা জরিমানা

জরিমানার পরিমাণের পাশাপাশি সাজার মেয়াদ বাড়িয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2018, 05:29 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ওই খসড়া অনুমোদন পায়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম পরে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ১৯৬১ সালের একটি অর্ডিন্যান্স দিয়ে কৃষি উন্নয়ন করপোরেশন চলছিল, যা ১৯৭৫ ও ১৯৭৬ সালে সংশোধন করা হয়।

উচ্চ আদালাতের নির্দেশে সামরিক শাসনামলের প্রণীত আইনগুলো বাংলায় অনুবাদ করে নতুন করে প্রণয়ন করা হচ্ছে। সেই প্রেক্ষাপটে নতুন যে আইনটি করা হচ্ছে, তাতে আগের আইনের সঙ্গে এর যথেষ্ট মিল থাকছে বলে জানান শফিউল।

আইনের খসড়া অনুযায়ী, বিএডিসির পরিচালনা পর্ষদ হবে ১৬ সদস্যের। এর প্রধান থাকবেন চেয়ারম্যান, যাকে সরকার নিয়োগ দেবে। আগে এ পর্ষদের সদস্য ছিল ১৪ জন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, করপোরেশন বর্তমানে যে কাজগুলো করছে, খসড়া আইনে সেগুলোর কথাই বলা হয়েছে।

এ আইনের অধীনে করপোরেশন কৃষকসহ সংশ্লিষ্টদের নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ করতে বা কোনো কাজ থেকে বিরত থাকার নোটিস দিতে পারবে।

নোটিস পাওয়ার পরেও কেউ ওই কাজ না করলে বা কাজ করা থেকে বিরত না থাকলে করপোরেশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। এ জন্য করপোরেশের যে খরচ হবে, তাও ওই ব্যক্তির কাছ থেকে আদায় করা যাবে।

কেউ বিএডিসির নোটিস অমান্য করলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। কেউ একই অপরাধ দ্বিতীয়বার করলে প্রতিদিনের জন্য ৫০ টাকা হারে জরিমানা দিতে হবে। আগে এ জন্য কোনো দণ্ড নির্ধারিত ছিল না।

কোনো ভূমি বা স্থাপনা রক্ষার জন্য নির্মিত সীমানা প্রাচীর ক্ষতিগ্রস্ত বা বেড়া ক্ষতিগ্রস্ত করলে, দালান বা দেয়ালের ভার রক্ষার্থে ঠেস দেওয়ার জন্য স্থাপিত কোনো বস্তু অপসারণ, খনন করা বা ভেঙে ফেলা কোনো সড়ক বা ভূমিতে স্থাপিত বাতি নিভিয়ে ফেললে, আদেশ না মেনে যাতায়াতের পথ বন্ধ করলে, করপোরেশনের স্থাপনা ক্ষতিগ্রস্ত করলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যাবে।

এসব অপরাধের জন্য এতদিন শুধু ৫০ টাকা জরিমানা করা হত বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, করপোরেশনের নিয়োগ করা ঠিকাদারকে বাধা ও করপোরেশের কোনো সীমানা বা দিক নির্দেশক চিহ্ন অপসারণ করলেও ছয় মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। এ অপরাধের জন্য আগের আইনে সর্বোচ্চ শাস্তি ছিল ২০০ টাকা জরিমানা।

শফিউল জানান, করপোরেশনের লিখিত অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি যদি করপোরেশনের মালিকানাধীন জমিতে চাষবাদ করেন বা চাষাবাদের জন্য প্রস্তুত করেন বা ওই জমিতে কোনো ভবন বা স্থাপনা নির্মাণ করেন বা গাছ কাটেন বা ভূমি খনন করেন, তাহলে ছয় মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যাবে।

আইনের খসড়ায় বলা হয়েছে, কেউ করপোরেশনের ভূমি দখল করে রাখলে করপোরেশনের চেয়ারম্যান বা তার কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি শক্তি প্রয়োগ করে ভূমিতে প্রবেশ করতে পারবেন এবং করপোরেশনের পক্ষে ভূমির দখল নিতে পারবেন।

করপোরেশনের কোনো সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে আদালত দণ্ড দেওয়ার পাশাপাশি করপোরেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে উপযুক্ত ক্ষতিপূরণের আদেশ দিতে পারবে।

তবে চেয়ারম্যান বা চেয়ারম্যানের কাছে থেকে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার লিখিত অভিযোগ ছাড়া কোনো আদালত এই অপরাধ আমলে নেবে না।