২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা সন্ত্রাসীদের ধরছি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিকে ‘নির্বাচন থেকে দূরে রাখতে’ দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার করার অভিযোগ নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যারা বিশৃঙ্খলা ও নাশকতার সঙ্গে জড়িত, প্রমাণসাপেক্ষে তাদেরেই গ্রেপ্তার করছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2018, 04:03 PM

Updated : 11 Oct 2022, 12:05 PM

নিবার পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তার এ বক্তব্য আসে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এখানে কোনো রাজনৈতিক ব্যাপার নাই। আমরা সন্ত্রাসীদের ধরছি। যারা ভাংচুরের সাথে জড়িত ছিল, যারা রাইফেল ছিনতাই করতে যাচ্ছিল, যারা পুলিশের ভ্যান থেকে অপরাধীদের ছিনিয়ে নিতে চাচ্ছিল তাদেরকে আমরা ধরার চেষ্টা করছি।”

আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় সামনে রেখে দেশে রাজনৈতিক উত্তাপের মধ্যে গত ৩০ জানুয়ারি হাই কোর্ট এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপিকর্মীরা। বেধড়ক পিটুনির শিকার হন কয়েকজন পুলিশ সদস্য, ভাংচুর হয় তাদের গাড়ি ও আগ্নেয়াস্ত্র।

ওই ঘটনায় শাহবাগ থানায় দুটি এবং রমনা থানায় একটি মামলা করে পুলিশ। সেখানে বিএনপির কয়েকশ নেতাকর্মীকে আসামি করা হয়।

বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমান, নাজিমউদ্দিন আলম, আজিজুল বারী হেলাল,  অনিন্দ্য ইসলাম অমিত, আনিসুর রহমান খোকন, হাসান মামুন, এ বি এম মোশাররফ হোসেন, মতিউর রহমান মন্টুসহ কয়েকশ নেতাকর্মীকে গত কয়েক দিনে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিএনপিকে ‘নির্বাচন থেকে দূরে রাখতেই’ সরকার এই গণগ্রেপ্তার শুরু করেছে বলে অভিযোগ করা হচ্ছে দলটির পক্ষ থেকে।

এ অভিযোগ অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নির্বাচন তো অনেক দূরে রয়েছে। তার আগে আপনারা দেখছেন বেগম জিয়া যখন আদালতে যাচ্ছেন, সেখানে যাওয়ার পথে আসার পথে যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং আপনারা দেখেছেন পুলিশের রাইফেল ভেঙে ফেলেছে।

“আপনারা দেখেছেন প্রিজন ভ্যান থেকে আসামি ছিনিয়ে নিয়ে গেছে। ২০১৪ সালে রাজশাহীতে পুলিশকে কীভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল তাও আপনারা দেখেছেন। ঠিক সিমিলার ঘটনা এখানেও ঘটছে।”

ওই হামলায় যারা অংশ নিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদের পুলিশ ধরার চেষ্টা করছে বলে জানান মন্ত্রী।

বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেলুন উড়িয়ে পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ২০১৬ সাল থেকে দেশে এ সেবা সপ্তাহ পালিত হয়ে আসছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি, আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান।

অন্যদের মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

পরে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্মাট কার্ড সবার হাতে পৌঁছে গেলে পাসপোর্ট করাতে পুলিশি তদন্তের ঝামেলা আর পোহাতে হবে না বলেই তিনি আশা করছেন।

আর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাসপোর্ট পেতে সাধারণ মানুষকে এখন আর আগের মত হয়রানির শিকার হতে হয় না। ডিজিটাল বাংলাদেশের সুফল মানুষ পাচ্ছে।

“আন্তর্জাতিকভাবে আরও এ প্রক্রিয়া আরও গ্রহণযোগ্য করতে আমরা কাজ করছি। ‘ই’ পাসপোর্টের ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দশনা রয়েছে। সে অনুযায়ী কাজ হচ্ছে। সেই সাথে বিমানবন্দরে ‘ই’ গেইট করা গেলে ইমিগ্রেশনেও ঝামেলা অনেক কমে যাবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) চালু করা ২০১০ সালে একটি বড় চ্যালেঞ্জ ছিল। ইতোমধ্যে দুই কোটি এমআরপি নাগরিকদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।

“লাখ লাখ শ্রমিক যখন দেশের বাইরে, তখন জানানো হল, হাতে লেখা পাসপোর্ট আর চলবে না। সবাইকে এমআরপি করাতে হবে। এই এমআরপি করার সেই চ্যালেঞ্জ সেদিন প্রধানমন্ত্রী নিয়েছিলেন এবং সফল হয়েছেন। একটি লোককেও পাসপোর্টের কারণে ফেরত আসতে হয়নি।”

রোহিঙ্গাদের নিবন্ধন প্রসঙ্গে কামাল বলেন, অন্যান্য বাহিনীর সহায়তা নিয়ে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে ইতোমধ্যে নিবন্ধনের আওতায় আনতে পেরেছে পাসপোর্ট অধিদপ্তর।

“এটাও একটা বড় চ্যলেঞ্জ। এই নিবন্ধিত রোহিঙ্গরা কখনোই বাংলাদেশের পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র নিতে পারবে না “

অনুষ্ঠানের এক পর্যায়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আবদুল্লাহ আল মামুন, উপ পরিচালক সাইফুল ইসলাম ও রোজিনা খন্দকারসহ কয়েকজন।

তারা জনবল বৃদ্ধি, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা, কাজের সুবিধার জন্য অধিদপ্তরকে আলাদা ভবনে স্থানান্তরের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কথা শুনে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কাজের স্বীকৃতি হিসেবে এ অনুষ্ঠানে পাসপোর্ট অধিদপ্তরের কর্মীদের পুরস্কৃতও করেন তিনি।

স্বাগত বক্তব্যে মাসুদ রেজওয়ান জানান, ৭১০ কোটি টাকার এমআরপি প্রকল্পে ২০১০ সালের জুলাই থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত ১১ কোটি টাকা রাজস্ব এসেছে।  বিদেশে ৬৫টি দূতাবাসে পাসপোর্ট ও ভিসা উইং কাজ করছে এখন।

তিনি জানান, পাসপোর্টের মেয়াদ পাঁচ বছর থেকে ১০ বছর করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।