তাঁতিদের সুর সংগীতে ‘বাংলাদেশের তাঁতশিল্প’ গ্রন্থের মোড়ক উন্মোচন
তাঁতিদের সুর আর সংগীতে তাঁতশিল্পের ঐতিহ্য তুলে ধরার মধ্য দিয়ে ‘বাংলাদেশের তাঁতশিল্প’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ‘দেশাল’ নামের একটি প্রকাশনা ও বস্ত্রবিপণী আয়োজিত অনুষ্ঠানে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। বইটি লিখেছেন চিত্রশিল্পী শাওন আকন্দ।
অনুষ্ঠানের শেষে তাঁত ও তাঁতিদের গল্প নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ‘গম্ভীরা’ পালা পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে শুরুতে পাবনার তাঁত সংগীত পরিবেশন করে তাঁতি এম এ হানজালা ও তার দুই ছেলে। তারা ‘এক খেও সুতা বুনে নোব’, ‘পাবনা চলো পাবনা ও মন পাবনা গেলে নাই ভাবনা’, ‘ভাদ্র মাসে সুতা কাটি আশ্বিন মাসে বুনাই শাড়ি’ সংগীতের মাধ্যমে পাবনার তাঁত শিল্পের ঐতিহ্যগাঁথা তুলে ধরেন।
এরপর বক্তৃতায় লেখক শাওন আকন্দ বলেন, “আমি শুধু তাঁতশিল্পের সোনালী অতীত ও বর্তমানে এই শিল্পের অবস্থা তুলে ধরেছি।আমি মনে করি, এই বইয়ে সকলেই উপকৃত হবেন না, তবে একজনও যদি উপকৃত হন আমি স্বার্থক হবে।”
অধ্যাপক নিসার হোসেন বলেন, “এখানে বস্ত্র বুননের ক্ষেত্রে যা কিছু লাগে সব কিছু এর মধ্যে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
“যারা জ্ঞানপিপাসু তাদের যেমন কাজে লাগবে তেমনি চারুকলার কারুশিল্প নিয়ে যারা পড়ছে তাদেরও কাজে লাগবে বইটি।”
