একুশের বইমেলায় পছন্দের বইয়ের খোঁজে হন্যে পাঠক
অমর একুশে বইমেলা দ্বিতীয় দিনে গড়াতেই মেলাপ্রাঙ্গন মুখর হয়ে ওঠে নানাবয়সী পাঠকের পদভারে; তবে পছন্দের বই কি সত্যি মিলছে- এ প্রশ্নে মুখ ভার অনেকেরই।
শুক্রবার ছুটির দিনে মেলার দ্বার খুলে যায় বিকাল ৩টায়, এরপরই নানা বয়সী পাঠকের আনাগোনা বাড়তে থাকে। মেলায় এসে কেউ খুঁজেছেন উপন্যাস, কেউ গল্পসমগ্র, কেউবা রহস্য-রোমাঞ্চ।
মেলায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের রবিউল ইসলাম জানালেন, তার আগ্রহ সায়েন্স ফিকশনে।
“আমি জাফর ইকবালসহ বাংলাদেশের বেশ কজন লেখকের সায়েন্স ফিকশন পড়ে ফেলেছি। এবার আইজ্যাক আজিমভ, আর্থার সি ক্লার্কদের সায়েন্স ফিকশনগুলো পড়ে দেখার পালা।”
মেলার দ্বিতীয় দিনে তালিকা ধরে বই কেনার দিকে নজর ছিল অধিকাংশ তরুণ পাঠকের।
আলিশা মাহবুব বলেন, “মেলার প্রথম দিকে ভিড় তুলনামূলকভাবে একটু কম। তাই প্রথম দিকেই মেলায় পছন্দের লেখকের বইগুলো কিনে ফেলছি।”
আলিশা যখন প্রিয় কবিদের বই পুরছিলেন ঝোলায়, তখন তার বন্ধু কবীর কিনেছেন ইতিহাস- প্রবন্ধ ও উপন্যাস সমগ্র।
মধ্যবয়সী পাঠক আমিনুল ইসলাম বলেন, “ছেলেমেয়েরা তাদের পছন্দের লেখকের বইগুলো একটু আগেভাগেই চাইছে। তাই তাদের বায়না মেটাতে তালিকা ধরেই বই কিনতে হচ্ছে।”
নিজের জন্য বই কিনতে গিয়ে নতুন বইয়ের মান নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।
“নতুন বই যেগুলো এসেছে, সেগুলো মানসম্মত কিনা সেটা তো হাতে নিলেই বোঝা যায়। অধিকাংশ অনুবাদের বইগুলো যাচ্ছেতাই।”
শেষ বিকালে মেলা ঘুরতে আসেন যুক্তরাজ্যের কবি এগনিস মিডোস, জাপানের টেনডো তাইজিন, যুক্তরাষ্ট্রের জয়েস অ্যাসউনটেনটেঙ, মেক্সিকোর ইউরি জামব্রানো, মিশরে ইব্রাহীম এলমাসরি, তাইওয়ানের মিয়াও-ই তু, কলম্বিয়ার মারিয়া মাথোর।
দ্বিতীয় দিনে মেলার পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রকাশকরা।
ঐতিহ্যের কর্ণধার আরিফুর রহমান নাঈম বলেন, “মেলার সার্বিক অবস্থা দেখে মনে হচ্ছে, আগামী সপ্তাহেই মেলা জমে যাবে। এমনিতে মেলা জমে ওঠে মধ্য ফেব্রুয়ারির পরে। স্টলবিন্যাস গোছানো ছিল। সার্বিক ব্যবস্থাপনায় কিছুটা ত্রুটি থাকলেও মেলায় পেশাদারিত্ব বেড়েছে। এবার পাঠকের দিকে তাকিয়ে আমরা, তাদের অভিরুচি অনুযায়ী সব ধরনের বই সাজিয়ে প্রস্তুত।”
তাম্রলিপির কর্ণধার তারিকুল ইসলাম রনি বলেন, মেলায় দ্বিতীয় দিনে পাঠক সমাগম বাড়লেও ছুটির দিন হিসেবে বিক্রি আশাব্যঞ্জক নয়।
এদিকে মেলার দুই দিন শেষেও গুছিয়ে উঠতে অমর একুশে গ্রন্থমেলা। দীর্ঘপ্রস্তুতি শেষেও এখনও অব্যবস্থাপনা রয়েছে মেলা প্রাঙ্গণে। এখনও সোহরাওয়ার্দী উদ্যানের অংশে প্রবেশ পথ নির্মাণের কাজ শেষ হয়নি।
উদ্যান ঘুরে দেখা যায়, বিভিন্ন জায়গায় এখনও স্টল নির্মাণের অবশিষ্ট বালু ও মটির স্তুপ পড়ে আছে। ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা। তবে আবর্জনার পরিষ্কারের কার্যক্রমে কিছুটা উন্নতি দেখা গেছে দ্বিতীয় দিনে। চালু হয়নি সোহরাওয়ার্দী উদ্যানের অংশের তথ্যকেন্দ্র।
সময় গড়ানোর সঙ্গে সেসব সমাধানের আশ্বাস দিয়েছে বাংলা একাডেমি। মেলার নীতিমালা অনুযায়ী স্টল নির্মাণের কাজও শেষ করেছে প্রকাশনা সংস্থাগুলো। তৃতীয়দিন থেকে জমজমাট এক মেলার প্রত্যাশা করছে বাংলা একাডেমি।
এ বিষয়ে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেন, প্রস্তুতি আছে বলেই মেলা ঠিকঠাকভাবে চলছে। প্রস্তুতি না থাকলে আরও পিছিয়ে যেতে পারত। যে সমস্যাগুলোর কথা বলা হচ্ছে তা শিগগিরই ঠিক হয়ে যাবে।
মেলার নতুন বই
মেলায় শুক্রবার নতুন বই এসেছে ৫৪টি। এগুলোর মধ্যে কবিতার বই ১৯টি, ভ্রমণকাহিনী ২টি, সায়েন্স ফিকশন ১টি, রম্যরচনা ১টি, সাহিত্য ১টি, উপন্যাস ৭টি, প্রবন্ধ ৪টি, গল্প ৪টি, মুক্তিযুদ্ধবিষয়ক ১, গবেষণাবিষয়ক ২টি ও শিশুতোষ বই ৩টি।
মূল মঞ্চের আয়োজন
বিকালে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় শহিদ নূতন চন্দ্র সিংহ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন সজিব কুমার ঘোষ। আলোচনায় অংশগ্রহণ করেন মহীবুল আজিজ, প্রফুল্ল চন্দ্র সিংহ এবং রাশেদ রউফ। সভাপতিত্ব করেন অধ্যাপক আবদুল মান্নান।
শনিবারের অনুষ্ঠানসূচি
শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেলায় শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে। পরে বিকাল ৩টা থেকে রাত ৯টা অবধি চলবে মূল মেলা।
বিকাল ৪টায় মূল মঞ্চে অনুষ্ঠিত হবে খান বাহাদুর আহ্ছানউল্লা শীর্ষক আলোচনা। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন শফিউল আলম। আলোচনায় অংশ নেবেন মনিরুল ইসলাম, সরকার আবদুল মান্নান। সভাপতিত্ব করবেন কাজী রফিকুল আলম।
সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
