২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিভাগের (ডেসা) আন্ডার সেক্রেটারি জেনারেল জেনমিন লিউ বাংলাদেশ সরকারের নেওয়া ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2018, 03:42 PM

Updated : 19 Aug 2022, 01:32 PM

বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠকে লিউ আর্থ-সামাজিক খাতে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড, বিশেষ করে দারিদ্র্য নির্মূলে বাংলাদেশ যে সাফল্য অর্জন করেছে তার প্রশংসা করেন।

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রক্রিয়ায় তিনি বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেন।

লিউ বলেন, “বাংলাদেশ স্বল্পোন্নত দেশসমূহ এবং এই অঞ্চলের মধ্যে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।”

বৈঠকে স্পিকার আন্ডার সেক্রেটারি জেনারেলকে দারিদ্র্য বিমোচন, মানসম্মত শিক্ষা, কৃষি উৎপাদনশীলতা, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন, স্বাস্থ্য-পুষ্টি-সেবা, গড় আয়ু বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারীর ক্ষমতায়নসহ আর্থ-সামজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশের সাফল্যের তথ্য তুলে ধরেন।

বয়স্ক জনসংখ্যার কল্যাণে বাংলাদেশ যে সব নীতি ও কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সে বিষয়েও আলোকপাত করেন স্পিকার।

তিনি আর্থ-সামাজিক উন্নয়ন, এসডিজি বাস্তবায়ন ও এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়ায় ডেসার সহযোগিতা কামনা করেন।

রোহিঙ্গা সঙ্কটের বিষয়টি তুলে ধরে স্পিকার এ সমস্যা সমাধানে আন্ডার সেক্রেটারি জেনারেলের সার্বিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টা প্রত্যাশা করেন।

আন্ডার সেক্রেটারি জেনারেল বলেন, রোহিঙ্গা ইস্যুটি জাতিসংঘ মহাসচিবের সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিক এজেন্ডার একটি। তিনি রোহিঙ্গা সঙ্কটের মানবিক ও রাজনৈতিক সমাধানে জাতিসংঘের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশে স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।