২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনেই বইপ্রেমীদের পদচারণায় মুখর মেলা

প্রিয় লেখক, কবি, সাহিত্যিকের নতুন কাব্য, উপন্যাস, গল্পসমগ্রের খোঁজ করছেন কেউ; অনুবাদপ্রিয় পাঠক খুঁজে ফেরেন পছন্দের অনূদিত বই, কেউ খোঁজেন সমকালীন সাহিত্য বা সমাজ-দর্শনের বইয়ের- বইমেলার প্রথম দিনেই স্টলে স্টলে পড়ুয়াদের এভাবে বইয়ের খোঁজ নিতে দেখা গেছে।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2018, 12:31 AM

Updated : 11 Oct 2022, 12:04 PM

পুরনো খবর:

বইমেলার দ্বার খুলল

বৃহস্পতিবার বিকালে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মেলা প্রাঙ্গণ। সন্ধ্যা গড়াতেই স্টলে স্টলে বাড়তে থাকে ভিড়।

পছন্দের বই খুঁজে নিরাশ হননি অনেকে। মেলার প্রথম দিনেই তিন শতাধিক নতুন বই এনেছে বিভিন্ন প্রকাশনী।

আগামী প্রকাশনী থেকে এসেছে আসাদুজ্জামান আসাদের ‘ইতিহাসের নির্মাতার মৃত্যু’, হেলাল উদ্দিন আহমেদের ‘করাপশন ইন বাংলাদেশ: কজেজ, কস্টস অ্যান্ড রিমিডিজ’, বিমলেন্দু হালদারের ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষা: অতীত ও বর্তমান’, হাসনাত আবদুল হাইয়ের উপন্যাস ‘সময় অসময়’, দেবাশীষ ঘোষের ‘ক্ষোভ’। তাদের স্টলে পাওয়া যাচ্ছে তরুণ লেখক খালিদ মারুফের উপন্যাস ‘বুনোকলির রক্তবীজ’।

অন্যপ্রকাশ থেকে এসেছে শাহাবুদ্দীন নাগরীর ‘জ্যোৎস্নাভর্তি ক্যারাভানে আমি নেই’, মোস্তফা কামালের ‘চন্দ্রমুখীর সুইসাইড নোট’।

কথাপ্রকাশ থেকে এসেছে শিহাব শাহরিয়ার সম্পাদিত ‘জীবনানন্দ দাশ: গ্রন্থিত ও অগ্রন্থিত কবিতাসমগ্র’, মাহবুবুল হকের ‘তিন জন আধুনিক কবি’, সৈয়দ আজিজুল হকের ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প: সমাজ চেতনা ও জীবনের রূপায়ন’, যতীন সরকারের ‘মুক্তবুদ্ধির চড়াই উতরাই’।

হাসান আজিজুল হক ও আখতারুজ্জামান ইলিয়াসের আলাপচারিতার সংকলন নিয়ে ‘আমার ইলিয়াস’ শিরোনামে বই এসেছে ইত্যাদি গ্রন্থপ্রকাশ থেকে। এই প্রকাশনী থেকে এসেছে মোহাম্মদ রফিকের ‘কবিতা সমগ্র’, রিজিয়া রহমানের ‘মুক্তিযুদ্ধের উপন্যাস’, শ্রীনাথ চন্দের ‘ব্রাহ্মসমাজের চল্লিশ বৎসর’।

অন্বেষা প্রকাশনা থেকে এসেছে আবদুল গাফফার রণির ‘কৃষ্ণগহ্বর’ শিরোনামের সায়েন্স ফিকশন, এসেছে ইসমাইল সাদীর ‘সৈয়দ শামসুল হকের কবিতায় প্রেম ও নিসর্গ’।

বেঙ্গল পাবলিকেশন্স থেকে এসেছে হরিশংকর জলদাসের ‘ক্ষরণ’, আবু ইসহাক হোসেনের ‘বাংলার রেনেসাঁস ও লালন ফকির’, মোজাফ্ফর হোসেনের ‘বিশ্বসাহিত্যের কথা’।

যোগীন্দ্রনাথ সমাদ্দারের ‘প্রাচীন ভারত’, জোয়াকিম জোসেফের ‘হিস্টরি অব দ্য পর্তুগিজ ইন বেঙ্গল’, শিরিন আখতারের ‘সুবে বাংলার জমিদার ও জমিদারি’ বইগুলো এনেছে দিব্যপ্রকাশ।

ঐতিহ্য প্রকাশনী এনেছে নূরুল আনোয়ারের ‘মেজর জেনারেল মঞ্জুর হত্যাকাণ্ড: দুর্যোধনটি কে?’। তাম্রলিপি থেকে এসেছে বুলবুল সারওয়ারের ‘মহাভারতের পথে: এক’, মুহম্মদ জাফর ইকবালের ‘সাইক্লোন’, গুলতেকিন খানের ‘চৌকাঠ’, আহসান হাবীবের ‘সত্যি অ্যাডভেঞ্চার’।

অবসর থেকে এসেছে হুমায়ূন আহমেদের ‘সেরা সাত মুক্তিযুদ্ধের উপন্যাস’। কাকলী প্রকাশনী থেকে এসেছে সুমন্ত আসলামের ‘তুমি আছো তাই’। অনিন্দ্যপ্রকাশ থেকে এসেছে আহমদ রফিকের ‘কবিতার বিভিন্ন ভাষা’, দ্বিজেন শর্মার ‘নিসর্গকথা’। অনন্যা থেকে এসেছে ইমদাদুল হক মিলনের ‘একটি রহস্য উপন্যাস’।

নতুন বইয়ের খোঁজে আসা পাঠক নন্দিতা ইয়াসমীন বলেন, “মেলার প্রথম দিনে দেখে গেলাম কী কী বই আসছে এবার বইমেলায়। ইতিহাস, জীবনীর বই যেমন কিনব, তেমনি উপন্যাস, গল্পসমগ্রও কিনব। পছন্দের তালিকার বাইরে কারও বই যদি ভালো লাগে, তবে তাও কিনব।”

ইমরান আবদুল্লাহ নামে এক মধ্যবয়সী পাঠক বলেন, “মেলায় যে মনের মতো বই শতভাগ খুঁজে পাই, তেমনটি নয়। তবুও পছন্দের লেখকদের বই তো সংগ্রহ করতেই হবে। প্রিয়জনদের বইয়ের বায়না রয়েছে, তাদেরও বই কিনে দিতে হবে।”

নীতিমালা অনুযায়ী মেলার প্রথম দিনেই স্টলগুলোতে বইয়ের পসরা সাজিয়ে বসার কথা থাকলেও প্রায় ৫০টি স্টল পরিপূর্ণভাবে চালু হয়নি।

অনেকগুলো স্টলেই এখনও চলছে রঙের কাজ। সেই সঙ্গে মেলা প্রাঙ্গণের যত্রতত্র স্টলসজ্জার সরঞ্জাম ছড়িয়ে থাকতে দেখা গেছে। মেলার দর্শনার্থীদের জন্য এখনও চালু হয়নি টয়লেট। চালু হয়নি ওয়াই-ফাই, ফোয়ারা। বাংলা একাডেমি প্রাঙ্গণের বহেড়াতলায় অবস্থিত লিটলম্যাগ চত্বরে কোনো স্টল চালু হয়নি।

মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ বলেন, “মেলার নীতিমালা অনুযায়ী ৩০ জানুয়ারির মধ্যে মেলার স্টল সজ্জার কাজ করার কথা। যারা করেনি, তারা শুক্রবারের মধ্যে স্টল চালু করবেন আশা করি। না করলে নীতিমালা অনুযায়ী, আমরা স্টল বন্ধের সিদ্ধান্ত নেব।”

লিটলম্যাগ চত্বরের বিষয়ে তিনি বলেন, “এ চত্বরটি প্রথমে সোহরাওয়ার্দী উদ্যানে ছিল। কিন্তু পরবর্তীতে লিটলম্যাগ প্রকাশকদের দাবির মুখে সেটি বহেড়াতলায় স্থানান্তর করা হয়। সেজন্য কিছু এখনও বাকি। শুক্রবারের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে।”

মেলার ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম বলেন, “বইমেলার পরিকল্পনার ৫০ ভাগও যদি বাস্তবায়িত হয়, তবে আমরা খুশি। আশা করব, আগামী দুদিনের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে। প্রথম দিনে পাঠক সমাগম দেখে মনে হচ্ছে, আগামী দিনগুলোতে বই বিক্রি বেশ জমে উঠবে।”

বইমেলার রীতি অনুযায়ী এবারও শুক্রবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে।

বিকাল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘শহীদ নূতনচন্দ্র সিংহ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন সজিব কুমার ঘোষ। আবদুল মান্নানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করবেন মহীবুল আজিজ, প্রফুল্লচন্দ্র সিংহ ও রাশেদ রউফ। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।