টেকসই উন্নয়নে বয়স্করা যাতে পিছিয়ে না থাকে: স্পিকার
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণে সমাজের বয়স্ক মানুষদের জন্য নীতি ও কৌশল গ্রহণ করার আহ্বান জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেছেন, “বয়স্ক জনসমষ্টিকে সাথে নিয়ে টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। বয়স্ক জনসংখ্যার সর্বাত্মক কল্যাণ নিশ্চিতকল্পে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় অবশ্যই আমাদেরকে অগ্রমূখী নীতি ও কৌশল গ্রহণ এবং এর উন্নয়ন ঘটাতে হবে, যাতে বয়স্করা কোনোভাবে পিছনে পড়ে না থাকেন এবং টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে তারাও যথাযথ ভূমিকা পালনে সক্ষম হয়।”
বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘কমিশন ফর স্যোসাল ডেভোলপমেন্ট’র ৫৬তম অধিবেশন উপলক্ষে বয়স্ক জনগোষ্ঠীর জন্য ২০০২ সালে গৃহীত মাদ্রিদ ইন্টারন্যাশনাল প্ল্যান অব অ্যাকশনের তৃতীয় পর্যালোচনার ফলাফলের ওপর এক আলোচনায় শিরীন শারমিন এ কথা বলেন।
২০০২ সালে বয়স্ক জনগোষ্ঠীর জন্য মাদ্রিদ ইন্টারন্যাশনাল প্ল্যান অব অ্যাকশান গৃহীত হয়। প্রতি পাঁচ বছর অন্তর এর পর্যালোচনা হয় এবং কমিশন ফর স্যোশাল ডেভোলপমেন্টের অধিবেশনে প্রতিবেদন উত্থাপন করা হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের ৫৬তম অধিবেশনে স্পিকার শিরীন শারমিন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধি হিসেবে আঞ্চলিক রিপোর্ট উপস্থাপন উপলক্ষে বক্তব্য দেন।
তিনি বলেন, “শিশু ও নারী মৃত্যুহার হ্রাস এবং প্রজনন ক্ষমতা কম এমন দীর্ঘজীবী দম্পতির সংখ্যা বৃদ্ধি বয়স্ক জনসংখ্যার এই ধারা সৃষ্টি করেছে এবং এর ফলে ধনী দেশে পরিণত হওয়ার পূর্বেই অনেক দেশে প্রবীণ সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে।”
বয়স্ক জনগণের কল্যাণে বাংলাদেশ সরকার গৃহীত পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।
স্পিকার ইউএন-এসকাপ প্রণীত রিপোর্টে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বয়স্ক জনসংখ্যার চ্যালেঞ্জ মোকাবেলায় এ অঞ্চলের দেশগুলো যেসব পদক্ষেপ নিয়েছে তা উল্লেখ করে বলেন, “এ অঞ্চলের অধিকাংশ দেশেরই বয়স্কদের জন্য জাতীয় নীতি ও কর্ম পরিকল্পনা রয়েছে। দুই-তৃতীয়াংশ দেশে এ বিষয়ে রয়েছে যুগোপযোগী আইন। বাংলাদেশ ২০১৩ সালে বয়স্ক ব্যক্তিদের জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন করেছে। নিম্ন আয়ের দেশগুলোও যে বয়স্ক জনসংখ্যার ক্ষেত্রে ইতোমধ্যেই সচেতন হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এটি তারই উদাহরণ।
“বাংলাদেশসহ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অনেক দেশে বয়স্কদের মানবিক অধিকার নিশ্চিত করতে ‘পিতামাতার ভরণ-পোষণ আইন’ প্রণয়ন করা হয়েছে।”
ইউএন-এসকাপের রিপোর্টে উল্লিখিত বয়স্কদের আয়ের নিরাপত্তার ক্ষেত্রে বৈষম্য রয়েছে উল্লেখ করে শিরীন শারমিন তা নিরসনে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
অন্যদের বক্তব্য দেন প্যারাগুয়ের স্যোসাল অ্যাকশন বিষয়ক মন্ত্রী হেক্টর র্যামন কার্ডিনাস মলিনাস, পর্তুগালের শ্রম, সংহতি ও সামজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হোসে আন্তোনিও ভাইয়ারা দ্য সিলভা, জাম্বিয়ার কমিউনিটি ডেভলপমেন্ট ও সোস্যাল সার্ভিস বিষয়ক মন্ত্রী এমিরাইন কাবানসি প্রমুখ।
গত রোববার নিউ ইয়র্ক যান স্পিকার শিরীন শারমিন। আগামী ৬ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।
