শিল্পকলায় কবি সম্মেলন
স্বভূমির শিল্প ও সংস্কৃতিকে কবিতার ছন্দে গেঁথে সে ছন্দমালায় মৈত্রী বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয়ে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে চার দিনের ঢাকা আন্তর্জাতিক কবি সম্মেলন।
বুধবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে কবি সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
এই সম্মেলনে বিভিন্ন দেশের ৬ জন কবির পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশের ৬ জন কবি।
যুক্তরাজ্যের কবি এগনিস মিডোস, ক্যামেরুন বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের কবি জয়েস অ্যাসউনটেনটাং, মিশরের ইব্রাহিম এলমাসরি, জাপানের টেনডো তাইজিন, কলম্বিয়ার কবি মারিও মাথোর ও তাইওয়ানের মিয়াও-ই তু এই সম্মেলনে অংশ নেন।
বাংলাদেশের কবিদের মধ্যে ছিলেন আসাদ চৌধুরী, হায়াৎ সাইফ, মুহম্মদ নূরুল হুদা, হাবীবুল্লাহ্ সিরাজি, জাহিদুল হক ও আমিনুর রহমান।
‘বিশ্ব সেরা সমকালীন সাত কবির কবিতা’, ‘ঢাকা এনথোলজি অব ওয়ার্ল্ড পোয়েট্রি ২০১৮’ ও ‘ঢাকা আন্তর্জাতিক পোয়েট সামিট ২০১৮’ এই তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের অতিথিরা।
আয়োজকরা জানান, উদ্বোধনী আসরটি শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলেও বৃহস্পতিবার ও শুক্রবার বাংলা একাডেমির গ্রন্থমেলার মূল মঞ্চে আয়োজিত হবে কবিদের এই সম্মিলনী, শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্রে হবে সমাপনী অনুষ্ঠান।
পথ নাট্যোৎসব শুরু
‘প্রগতির যাত্রাপথে মশাল জ্বালাও, ভাষা-কৃষ্টির শক্তি নিয়ে বিশ্ব কাঁপাও’- এ প্রতিপাদ্যে বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় পথ নাট্যোৎসব।
বুধবার বিকালে জাতীয় পথনাট্যোৎসবের ৩৩তম আয়োজনে ঢাকা ও ঢাকার বাইরের প্রায় ৩৫টি নাট্য সংগঠন উৎসবে অংশ নিচ্ছে।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী।
তিনি বলেন, “অপশক্তি পরাস্ত হয়েছে কিন্তু তৈরি করে রেখেছে ক্ষয়িষ্ণু এবং প্রতিক্রিয়াশীল সম্প্রদায়, সংস্কৃতিহীন এক অপসংস্কৃতির মানষিকতা। সকল অবক্ষয় দূর করে প্রগতির এই যাত্রাপথে আলোকবর্তিকা হয়ে পথ দেখাবে বাংলাদেশের নাটক ও শিল্প সংস্কৃতি।”
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে ছিল দেশাত্ববোধক সংগীত পরিবেশনা। এরপর ছিল শিল্পকলা একাডেমির পরিবেশনায় নৃত্যনাট্য ‘উড়ন্ত পাখি’। থিয়েটার আর্ট ইউনিট এস এম সোলায়মানের রচনা ও ড. মোহাম্মদ বারী নির্দেশিত ‘জনম দুখী মা’ মঞ্চস্থ করে।
বৃহস্পতিবার ঢাকা মঞ্চ ‘ফুড প্রবলেম’, এথিক থিয়েটার ‘পুত্রবরণ’, চারুনীড়ম থিয়েটার ‘অপেক্ষা’ এবং পদাতিক নাট্য সংসদ (টিএসসি) মঞ্চস্থ করবে ‘পরিচয়’।
