খালেদা জিয়ার ৭ বছর সাজা চাইলেন দুদকের আইনজীবী
জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় রায়ের দিন নির্ধারিত হওয়ার পর জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাত বছরের সাজার আবেদন আদালতে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী।
মঙ্গলবার আসামি খালেদা জিয়ার উপস্থিতিতে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত ঢাকার ৫ নম্বর আদালতের বিশেষ এজলাসে এই মামলার যুক্তিতর্ক শুনানি চলে।
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ৮ ফেব্রুয়ারি রায় দেওয়ার দিন ঠিক করেছেন এই আদালতেরই বিচারক মো. আখতারুজ্জামান।
‘সাজানো রায়ে’ খালেদা জিয়াকে দণ্ড দিয়ে তাকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র চলছে বলে বিএনপির ক্ষোভ-বিক্ষোভের মধ্যে দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলাও এগিয়ে চলছে।
মঙ্গলবার রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে (২০০১ থেকে ২০০৬ সাল) ক্ষমতার অপব্যবহার করে নিজে ও অন্যকে লাভবান করার জন্য জিয়া চ্যারিটেবল ট্রাস্ট গঠন করেন। মামলায় খালেদা জিয়ার সাত বছরের সাজা চাই।
বেলা ১১টা ৫৪ মিনিটে আদালতে উপস্থিত হন উপস্থিত হন খালেদা জিয়া। তার ১৫ মিনিট পর শুনানি শুরু করেন কাজল।
তিনি বলেন, “খালেদা জিয়া ব্যক্তিগত স্বার্থে এ ট্রাস্ট গঠন করেন। ব্যাংক একাউন্ট খোলার সময় তিনি পেশার কথা লেখেননি। তিনি সে সময় প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রীর পদ একটি প্রতিষ্ঠান। পদ গোপন করে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি নামর্সবস্ব জিয়া চ্যারটিবেল ট্রাস্ট গঠন করেন।”
খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে বকশীবাজার এলাকায় স্থাপিত বিশেষ আদালত প্রাঙ্গণে মঙ্গলবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল হয়। ২০১৪ সালের ১৯ মার্চ শুরু হয় বিচার।
মামলাটিতে বিএনপি নেতা হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আসামি।
মঙ্গলবার রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের পর আসামিদের মধ্যে প্রথমে জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে যুক্তিতর্ক শুনানি শুরু করেন তার আইনজীবী। কয়েক মিনিট শুনানির পর বিচারক আখতারুজ্জামান আদালতের কার্যক্রম বুধবার পর্যন্ত মুলতবি করেন।
মুন্নার আইনজীবী আমিন উদ্দিন শুনানিতে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তার পিতার পক্ষে ট্রাস্ট গঠন করতে পারেন, তবে কেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে আমাদের আসামিরা ট্রাস্ট গঠন করতে পারবেন না?”
