২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটের সমর্থনে প্রগতিশীল ছাত্রজোটের মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অবরুদ্ধকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সোমবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ডাকা ছাত্র ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 12:20 AM

Updated : 08 Apr 2022, 05:49 PM

জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় জড়িতদের শাস্তির দাবিসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছি। একইসঙ্গে আগামীকালের সর্বাত্মক ধর্মঘট সফল করতে এই বিক্ষোভ মিছিল।”

ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে সংঘবদ্ধ শিক্ষার্থীরাও। দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্য থেকে মিছিল বের করেন তারা।

তাদের আগে সকালে শাহবাগের দিকে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখার নেতাকর্মীরা।

ছাত্রদল ক্যাম্পাসে যাতে কর্মসূচি পালন না করতে পারে সেজন্য ভোর ৫টা থেকেই ক্যাম্পাসে পাহারায় বসেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

এর মধ্যে সকাল ৯টার দিকে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকীর নেতৃত্বে একদল নেতাকর্মী শাহবাগ মোড় থেকে ঢাকা ক্লাবের সামনে দিয়ে রমনা পার্কের গেইট পর্যন্ত মিছিল করে।

সেখানে সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে মেহেদী তালুকদার বলেন, “হামলায় জড়িতদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে, অন্যথায় শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলনের গড়ে তুলব।”

ছাত্রদলের কর্মসূচির বিষয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা (ছাত্রদল) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেনি, করেছে সোহরাওয়ার্দী উদ্যানের পেছন গেইটে।

“ছাত্রদল অতীতে যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে সেজন্য তাদের ক্যাম্পাসে আসা ঠেকাতে ছাত্রলীগের নেতাকর্মীরা সর্তক অবস্থান নিয়েছিল।”