২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশান হামলা: তদন্ত প্রতিবেদন পিছিয়ে মার্চে

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আবারও পিছিয়ে গেছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 05:49 PM

Updated : 08 Apr 2022, 05:49 PM

এ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির রোববার প্রতিবেদন না দিয়ে সময়ের আবেদন করলে ঢাকার মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন ৬ মার্চ নতুন তারিখ ঠিক করে দেন।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম গত ডিসেম্বরের শুরুতে বলেছিলেন, তদন্ত শেষ পর্যায়ে চলে এসেছে এবং ডিসেম্বরের মধ্যেই অভিযোগপত্র দেওয়া সম্ভব হবে বলে তারা আশা করছেন।

২০১৬ সালের ১ জুলাই রাতে কূটনীতিক পাড়া গুলিশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের ঠেকাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন।

ওই ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইন, হত্যাকাণ্ড ও তথ্য গোপনের অভিযোগে তিনটি মামলা করে পুলিশ। এরপর গত দেড় বছরেও পুলিশ তদন্ত শেষ করতে পারেনি।

তদন্ত কর্মকর্তা জানান, এ মামলায় পুলিশ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে পাঁচজনই অপরাধে সংশ্লিষ্টতা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।