নারীর ক্ষমতায়ন হয়েছে আংশিক: গোলাম মুরশিদ
বিভিন্ন পেশায় নারীরা এগিয়ে এলেও এখনো তাদের ক্ষমতায়ন পুরোপুরি হয়নি বলে মনে করেন লেখক গবেষক গোলাম মুরশিদ।
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদের দুই দিনের জাতীয় পরিষদ সভার উদ্বোধনে তিনি এ মন্তব্য করেন।
‘পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির’ পরিবর্তন না আসায় সমাজে নারীর প্রতি সহিংসতা বাড়ছে বলে এ সভার আলোচকরা মত দেন।
সভার উদ্বোধনী অধিবেশনে গোলাম মুরশিদ বলেন, “নারীর ক্ষমতায়ন হয়েছে, কিন্তু নারীর প্রতি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয়নি। ফলে নারীর যে ক্ষতায়ন হয়েছে, তা আংশিক ক্ষমতায়ন।
এই বলয় ভেঙে নারীদের এগিয়ে আসার ওপর জোর দেন এই লেখক।
নারীর প্রতি সহিংসতা বাড়ছে অভিযোগ করে মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, “২০১৬ সাল থেকে ২০১৭ পর্যন্ত নারী এবং মেয়ে শিশুদের ওপর সহিংসতার মাত্রা বেড়ে গেছে কয়েক গুণ। সেই সাথে সুকৌশলে পাঠসূচির যে বিবর্তন হচ্ছে, তা আমাদের প্রত্যাশা ছিল না। নারীর জন্য সরাসরি নির্বাচনের যে ব্যবস্থা দরকার- সেই বিষয়গুলোও এখনো বাস্তবায়িত হয়নি।
তিনি বলেন, নারী যেন পূর্ণ অধিকার নিয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, সেই লক্ষ্যেই মহিলা পরিষদ কাজ করে যাচ্ছে।
শনিবার সভার দ্বিতীয় দিনের অধিবেশন শুরুর আগে সকাল সাড়ে ৯ টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ‘জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন, আসন সংখ্যা এক-তৃতীয়াশং বৃদ্ধি এবং নির্বাচনী এলাকা পুনঃনির্ধারণের’ দাবিতে মানববন্ধন করবে মহিলা পরিষদ।
‘একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করি, শক্তিশালী নারী সংগঠন ও নারী আন্দোলন গড়ে তুলি’ স্লোগানে এবারের জাতীয় পরিষদ সভায় সংগঠনটির ৫১টি জেলা শাখার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
