গ্যালারি কায়ায় ‘মকবুল ফিদা’
বাইজেন্টাইন, ইতালীয় রেনেসাঁ হয়ে র্যাঁবো, ভেলাসকেস ছুঁয়ে বিশ শতকের বিচিত্র শিল্পস্রোতে চিত্রিত পৌরাণিক ভারত; পারসিক ক্যালিগ্রাফিতে উঠে এল মুসলিম ভারত; ধ্রুপদী মূর্তি ভাস্কর্যের রেখার সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমের জ্যামিতিক কাঠামো।
স্বকীয় বৈশিষ্ট্যপূর্ণ বিচিত্র সব শিল্পমুদ্রার এসব নিদর্শন নিয়েই রাজধানীর গ্যালারি কায়ায় শুরু হয়েছে ‘মকবুল ফিদা হুসেন: জার্নি ইন গ্রাফিকস’ শিরোনামে চিত্রকলা প্রদর্শনী।
বুধবার সন্ধ্যায় উত্তরায় এই প্রদর্শনী উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি স্থপতি রবিউল হুসাইন। স্বাগত বক্তব্য দেন গ্যালারি কায়ার কর্ণধার গৌতম চক্রবর্তী।
অর্থমন্ত্রী বলেন, “চিত্রকলা প্রদর্শনীর উদ্দেশ্য হল- জাতিগতভাবে রুচির উন্নত বিকাশে অবদান রেখে চলা। বাংলাদেশে চিত্রকলার চর্চার প্রগতি লক্ষণীয়। নতুন প্রজন্ম নতুন সব মাধ্যমে নতুন কিছু উপহার দিচ্ছে আমাদের।”
ভারতের মহারাষ্ট্রে জন্ম নেওয়া মকবুল ফিদার শিল্পী জীবন শুরু হয় সিনেমার বিলবোর্ড এঁকে। তিনি চিত্রকলার জন্য একটি নতুন ভাষা গড়ে তোলেন, যা ঐতিহ্য আর আধুনিকতার উজ্জ্বল সমন্বয় হিসেবে দেখা হয়।
২০১১ সালে ৯৫ বছর বয়সে যখন তার মৃত্যু হয় তখন তিনি আর ভারতীয় নন, কাতারের নাগরিক। ধর্মীয় মৌলবাদের আক্রমণাত্মক আচরণে শিল্পী তার শেষ জীবনে স্বদেশের নাগরিকত্ব ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।
‘ভারত মাতা’ শিরোনামে হিন্দু দেবীর নগ্ন ছবি এঁকে তিনি মৌলবাদীদের আক্রোশের শিকার হন। ভারতের মানচিত্রকে তিনি দেবী হিসেবে চিত্রিত করেছেন তার স্বকীয় বৈশিষ্ট্যে।
মকবুল ফিদা হুসেনের জীবনের বেশিরভাগ সময় কেটেছে প্রিয় শহর মুম্বাইতে। এখানে ভাগ্যান্বেষণে এসেছিলেন তরুণ বয়সে। বলিউড চলচ্চিত্রের ব্যানার আঁকতে আঁকতে হয়ে উঠেছিলেন পরিণত এক শিল্পী। ১৯৪৭ সালে মুম্বাইয়ের প্রগ্রেসিভ আর্টিস্ট গ্রুপে যোগ দিয়ে অভিজাত শিল্পীদের দলে নাম লেখান তিনি।
মকবুল ফিদা হুসেনের ছাপচিত্রের ক্যানভাসে অফসেট লিথোগ্রাফ, সেরিগ্রাফ মাধ্যমে উঠে এসেছে মহাভারতের ‘ভীষ্ম’ ও ‘দ্রৌপদী’, ‘সত্যবতী’, রামায়ণের ‘হনুমান’ চরিত্রগুলো।
পৌরাণিক সব চরিত্রের পাশে লিথোগ্রাফে আঁকা ‘ঘোড়া’ সিরিজ; যাতে প্রকাশিত জীবনের গতিময়তার গল্প। ব্ল্যাক পেপারে সেরিগ্রাফে আঁকা ‘ঘুড়ি’ বলে চলে বন্ধনহীন মুক্ত জীবনের কথা।
অফসেটের লিথোগ্রাফের ক্যানভাসে মমতাময়ী মায়ের প্রতিকৃতি এঁকে গেছেন তিনি।
তার ক্যানভাসে উঠে এসেছে ভারতের প্রকৃতির চিত্র। কেরালায় যখন বর্ষা নামে সেই প্রাণোচ্ছ্বল প্রকৃতির কথা উঠে আসে মকবুল ফিদা হুসেনের ছাপচিত্রে, বাদ যায়নি ভারতের প্রমত্তা গঙ্গা ও যমুনা এবং কেরালার কল্যাণীর সমুদ্রতটের কথা। বারানসের যাপিত জীবন, বিচিত্র পেশায় নিয়োজিত মানুষকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন তিনি। ক্যানভাসে সিল্ক স্ক্রিন মাধ্যমে উঠে এসেছে সেই সব জীবনের কথা। কখনো উঠে আসে কেরালার মানুষের সংগ্রামী ভূমিকার কথা।
ভারতবর্ষের অঙ্কনরীতির সঙ্গে জগদ্বিখ্যাত শিল্পী পাবলো পিকাসোর অঙ্কনশৈলীর সমন্বয়ে হুসেন রপ্ত করেছিলেন যে চিত্রভাষা, তা তাকে এনে দেয় খ্যাতি-অর্থ-যশ।
গ্যালারি কায়ার কর্ণধার গৌতম চক্রবর্তী জানান, চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ভারতের গণেশ প্রতাপ সিং ও বিনয় এম শেঠের সংগ্রহশালা থেকে নিয়ে আসা হয়েছে তার এই ছাপচিত্রগুলো। প্রদর্শনীর সব ছবি বিক্রির জন্য না হলেও নির্বাচিত কিছু ছবি বিক্রি করা হবে।
আট দিনের এই প্রদর্শনীতে তার গুরুত্বপূর্ণ ৫৯টি গ্রাফিক চিত্রকর্ম স্থান পেয়েছে। ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে প্রদর্শনী।
