২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্ডিত ব্যক্তিদের মানসিকতা পরিবর্তনের আহ্বান রাষ্ট্রপতির

দেশের পণ্ডিত ব্যক্তিদের মানসিকতা পরিবর্তন করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 08:17 PM

Updated : 19 Aug 2022, 01:28 PM

মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, “...আমাদের দেশের পণ্ডিত ব্যক্তিরা অনেক সময় সাধারণ পরিবেশ থেকে একটু দূরে তাদের নিজস্ব জগতে থাকতে পছন্দ করেন, কিন্তু আপনাদের এই দৃষ্টিভঙ্গী পরিবর্তন করতে হবে এবং নিজেদের তৈরি জগৎ থেকে সরে এসে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।”

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ১৭তম দ্বি-বার্ষিক সম্মেলনে ‘পণ্ডিতদের’ উদ্দেশে রাষ্ট্রপতি আরও বলেন, “আপনাদের লেখায় সাধারণ মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্খা প্রতিফলিত হতে  হবে। মনে রাখতে হবে সমাজের সাধারণ মানুষেরাই হচ্ছে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। আপনাদের লেখা ও কর্মে সর্বাগ্রে থাকতে হবে জাতীয় স্বার্থ।

“দেশে-বিদেশে জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি এবং কৃতিত্বপূর্ণ অর্জন তুলে ধরার জন্য আমি বিজ্ঞানী, গবেষক, পণ্ডিত, বুদ্ধিজীবীসহ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”

এশিয়াটিক সোসাইটিকে গবেষণার ক্ষেত্র বাড়ানোরও আহ্বান জানান তিনি। একই সঙ্গে তরুণ গবেষকদের এ কাজে উৎসাহিত করার ওপর জোর দেন আবদুল হামিদ।

সমাজের বিত্তবানদের গবেষণা কাজে পৃষ্ঠপোষকতা দেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “আমাদের সবার লক্ষ্য হল সন্ত্রাস, ক্ষুধা, দারিদ্র্য, অশিক্ষা, কুসংস্কারমুক্ত আধুনিক, প্রযুক্তিগতভাবে অগ্রসর এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়া। আর এ লক্ষ্য অর্জনে বিজ্ঞ, পণ্ডিত ব্যক্তি ও নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

“পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো দেশেই শিল্প, সাহিত্য ও সংস্কৃতি প্রসার লাভ করতে পারে না। আমি আজকের এই মহতি অনুষ্ঠানে সমাজের বিত্তবানদের পাণ্ডিত্যপূর্ণ গবেষণা কর্মে বিনিয়োগের অনুরোধ জানাচ্ছি। এই বিনিয়োগের ফলে যে প্রাপ্তি আসবে তা দেশের অর্থনীতিতে অনেক বেশি অবদান রাখবে।”

সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচির কথা উল্লেখ করে আবদুল হামিদ বলেন, “বর্তমান যুগ হচ্ছে তথ্যপ্রযু্ক্তির যুগ। একুশ শতকের দিন বদলের হাতিয়ার হচ্ছে প্রযুক্তি, বিশেষ করে ডিজিটাল প্রযুক্তি। এই প্রযু্ক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে এর সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। আর তা হলেই সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে।”

ওসমানী স্মৃতি মিলনায়তনে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী। আরও বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক এ কে এম গোলাম রব্বানী, সম্পাদক সাব্বির আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি এশিয়াটিক সোসাইটির ডিজিটাইজড লাইব্রেরি ও ঐতিহ্য জাদুঘর উদ্বোধন করেন।