২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামাকসেবীরা গাড়ি চালনায় ‘বেশি বেপরোয়া’

তামাকসেবীরা গাড়ি চালনায় অসাবধানী ও বেপরোয়া বলে তামাক নিয়ন্ত্রণ সেলের এক গবেষণায় উঠে এসেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 12:52 AM

Updated : 19 Aug 2022, 01:28 PM

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধূমপানের প্রবণতা বেশি হয় সহপাঠীদের প্রভাবে বলেও একই গবেষণায় দাবি করা হয়েছে।

গত বছরের গবেষণার জন্য অনুদান পাওয়া ১০ জনের গবেষণার ফলাফল সোমবার রাজধানীর একটি হোটেলে এক সম্মেলনের মাধ্যমে জানায় তামাক নিয়ন্ত্রণ সেল।

এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

এই ১০টি গবেষণার মধ্যে ৫টি করেছেন বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা; বাকি ৫টি করেছেন বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের পাঁচজন নিয়মিত গবেষক।

বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) এবং যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ্ (জেএইচএসপিএইচ) যৌথভাবে গবেষণা-ফলাফল প্রকাশ সংক্রান্ত এ সম্মেলনের আয়োজন করে।

এতে বলা হয়, ভারী যানবাহন চালকদের তামাক সেবন একটি সাধারণ বিষয় বলে বিবেচিত, আর যারা তামাক সেবন করেন, তাদের অসাবধানী হয়ে গাড়ি চালানোর হার বেশি এবং তাদের উচ্চগতিতে ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা থাকে. যা সড়ক দুর্ঘটনার কারণ হতে পারে।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক আব্দুল মালিক।

উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য ও বিশ্বস্বাস্থ্য) রোকসানা কাদের, বিসিসিপির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, বিশ্বস্বাস্থ্য সংস্থা ভারপ্রাপ্ত প্রতিনিধি ডা. বরদন জং রানা, বাংলাদেশ ট্যোবাকো কন্ট্রোল নেটওয়ার্কের সভাপতি ড. সোহেল রেজা চৌধুরী, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী ডা. এ এম পারভেজ রহিম, ইনস্টিটিউট ফর গ্লোবাল টোবাকো কন্ট্রোলের রিসার্স প্রোগ্রাম ম্যানেজার ডা: নাসিব কিবরিয়া, বিসিসিপির সিনিয়র ডেপুটি ডিরেক্টর ডা. শাহিদা হক।