৭০ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে হাই কোর্টে বিভক্ত আদেশ
দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে আসন শূন্য হওয়ার বিধান সম্বলিত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে বিভক্ত আদেশ এসেছে হাই কোর্ট থেকে।
এ বিষয়ে গতবছর দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ এই বিভক্ত আদেশ দেয়।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ কেন সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল দেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।
অন্যদিকে বিচারপতি আশরাফুল কামাল এর সঙ্গে ভিন্নমত পোষণ করে রিট আবেদনটিই খারিজ করে দেন।
নিয়ম অনুযায়ী বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি রিট শুনানির জন্য নতুন একটি একক বেঞ্চ ঠিক করে দেবেন। সেই বেঞ্চেই এর নিষ্পত্তি হবে।
রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে আসন শূন্য হওয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের ১৭ এপ্রিল এই রিট আবেদনটি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
হাই কোর্টে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
বাংলাদেশের সংবিধান সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, “কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ-সদস্য নির্বাচিত হইলে তিনি যদি-(ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ-সদস্য হইবার অযোগ্য হইবেন না।”
বাংলাদেশের সংবিধান
সোমবার হাই কোর্টের বিভক্ত আদেশে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী তার আদেশে বলেন, “সংবিধানের ৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, জনগণই সকল ক্ষমতার মালিক। কিন্তু সংবিধানে ৭০ নম্বর অনুচ্ছেদ থাকায় জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন না। দলীয় সিদ্ধান্তের বাইরে স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগ নেই। দলীয় প্রধানের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেওয়ার সুযোগ নেই। ৭০ নম্বর অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যরা স্বাধীন নন। তারা নিজ দলের কাছে পরাধীন। দল যা বলবে তাই করতে হবে। ৭০ অনুচ্ছেদের কারণে সকল ক্ষমতার অধিকারী রাজনৈতিক দল, জনগণ নয়।”
ষোড়শ সংশোধনী মামলার পর্যবেক্ষণ টেনে এ বিচারক বলেন, “অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে বলেছেন যে ওইসব দেশে আইন প্রণেতারা স্বাধীনভাবে মতামত দিয়ে থাকেন।
“এক্ষেত্রে আমার অভিমত হল, ওইসব দেশে ৭০ অনুচ্ছেদের মত কোনো অনুচ্ছেদ নেই। ওইসব দেশের আইন প্রণেতাদের সঙ্গে আমাদের সংসদ সদস্যদের মৌলিক পার্থক্য নেই। কিন্তু আমাদের দেশে দলীয় হাইকমান্ডের বিরুদ্ধে যাওয়ার সুযোগ নেই। সংসদে কোনো গণবিরোধী আইন পাস হলে সেখানেও তিনি নিজের দলের পক্ষে ভোট দিতে বাধ্য।”
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, “সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধি। দল যা বলবে এমপিরা তাই করবে- এমন হওয়ার জন্য জনগণ তাদের ম্যান্ডেট দেয়নি। জনগণ ম্যান্ডেট দিয়েছে যাতে স্বাধীনভাবে তাদের পক্ষে প্রতিনিধিত্ব করেন, জনস্বার্থে কাজ করেন। এখানে ৭০ অনুচ্ছেদের কারণে সব ক্ষমতার অধিকারী হচ্ছে রাজনৈতিক দল, জনগণ নয়। এসব কারণে এটা সংবিধানের ৭ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।”
সংবিধানের ষোড়শ সংশোধনী মামলায় হাই কোর্ট ৭০ অনুচ্ছেদ নিয়ে যে অভিমত দিয়েছিল, আপিল বিভাগ তা গ্রহণ করেছে মন্তব্য করে এই বিচারপতি বলেন, “আপিল বিভাগের দেওয়া রায় আমাদের (হাই কোর্ট) জন্য মানা বাধ্যতামূলক। এ রিট আবেদনে রুল জারির মত প্রাথমিক উপাদান রয়েছে। এ কারণে রুল জারি করা হল।”
অন্যদিকে বিচারপতি মো. আশরাফুল কামাল তার আদেশে বলেন, “ষোড়শ সংশোধনী মামলায় ৭০ অনুচ্ছেদ নিয়ে হাই কোর্ট যে অভিমত দিয়েছে তা আপিল বিভাগ গ্রহণ করেছেন ঠিক, কিন্তু ষোড়শ সংশোধনী মামলাটি বিচার বিভাগ সংক্রান্ত। সেখানে বিচারক অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রসঙ্গ ছিল। সেখানে ৭০ অনুচ্ছেদ বিচার্য বিষয় ছিল না।
“১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। সে সময় যেভাবে ৭০ অনুচ্ছেদ সংবিধানে সন্নিবেশিত হয়েছে, আজ পর্যন্ত সেভাবেই রয়েছে। এ অনুচ্ছেদের যৌক্তিকতা নিয়ে অতীতে কোনো সরকার বা সংসদে প্রশ্ন ওঠেনি। জনগণও প্রশ্ন তোলেনি। ৭০ অনুচ্ছেদের অপব্যবহার হয়েছে এমন নজিরও আমাদের সামনে নেই।”
তিনি বলেন, “আদালত আইন প্রণয়ন করতে পারে না। আইন প্রণয়নের নির্দেশ দেওয়ারও এখতিয়ার নাই। শুধু বলতে পারে, সংসদে প্রণীত আইন সংবিধান পরিপন্থি কি-না। এ কারণেইতো সুপ্রিম কোর্ট পঞ্চম ও ত্রয়োদশ সংশোধনী বাতিল বলে রায় দিয়েছেন। বিচার বিভাগকে তার নিজস্ব গণ্ডি সম্পর্কে সজাগ থাকতে হবে। বিশ্বব্যাপী স্বীকৃত যে, আদালত সংবিধান বা আইন প্রণয়ন করে না।”
তার আদেশে বলা হয়, “জনগণ সকল ক্ষমতার অধিকারী। আর সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধি। তাই জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের আইন প্রণয়নে আদালত বাধ্য করতে পারে না। কার্যত সংসদ কর্তৃক প্রণীত আইন যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি-না তা দেখার জন্যই আদালতের সৃষ্টি। আদালতের দায়িত্ব সেটাই।… আইন প্রণেতারা কী উদ্দেশ্যে আইন করছেন তা নিয়ে আদালত প্রশ্ন তুলতে পারে না। এজন্যই রিটটি খারিজ করা হল।”
