২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছায়া সংসদ’ বিতর্কে চ্যাম্পিয়ন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

‘নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা’ নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতামূলক ‘ছায়া সংসদ’ বিতর্ক প্রতিযোগিতা ‘ইউসিবি পাবলিক পার্লামেন্টে’ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2018, 12:13 AM

Updated : 19 Aug 2022, 01:25 PM

প্রতিযোগিতায় রানার আপ হয়েছে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এবং তৃতীয় হয়েছে প্রাইম ইউনিভার্সিটি।

শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে রাজধানীর এফডিসিতে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে (গ্র্যান্ড ফাইনাল) শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া দলের বিতার্কিকদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় তিনি বলেন, “সব দলের অংশগ্রহণের মধ্য দিয়েই আগামী একাদশ জাতীয় নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে। সেই  নির্বাচনে বিএনপিও  অংশগ্রহণ করবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম এ সবুর প্রমুখ।

২০১৭ সালের এই প্রতিযোগিতায় দেশের সরকারি-বেসরকারি ৩২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে ট্রফি, ক্রেস্ট ও সনদসহ চ্যাম্পিয়ন দলকে নগদ দুই লাখ, রানার আপ দলকে এক লাখ এবং তৃতীয় স্থান অধিকারী দলকে ৫০ হাজার টাকা দেওয়া হয়।