কুয়াশার আকাশে রঙিন ঘুড়ির ওড়াওড়ি
পঙ্খীরাজ, বোমা, কাউঠাবাজ, রকঘুড্ডি, গগন্দার, মতিমহল, সিংহদার, মাজদার- এমন সব বাহারি আর রঙচঙে চেহারার ঘুড়ির ওড়াওড়ি কুয়াশাচ্ছন্ন পুরান ঢাকার আকাশে। ভবনের ছাদগুলোতে ছেলে-বুড়োর দল মত্ত ঘুড়ির কাটাকুটি খেলায়, থেমে থেমে ‘ভো-কাট্টা’ হল্লা।
সকাল থেকে উপাচারের ডালা সাজিয়ে ‘বুড়ো-বুড়ি’ বন্দনায় মায়েদের ফুরসত ছিল না মোটেই; বিকালে আবার ছেলেমেয়ের বায়না মেটাতে হবে নানা পদের খাবারে। পৌষের বিদায়বেলা সংক্রান্তির ‘সাকরাইন’ উৎসবে মাতোয়ারা পুরান ঢাকাবাসীর রোববার দিনটি ছিল এমনই রঙিন।
সামাজিক ও শাস্ত্রীয় রীতি মেনে নানা আচার-অনুষ্ঠানে সকালে যে উৎসবের সূচনা হয়েছিল, দিনান্তে সাঁঝের আকাশে আলোর উৎসবে সাঙ্গ হয় তা।
হিন্দু শাস্ত্রমতে পৌষ মাসের শেষ দিনে সূর্য উত্তরায়ণের দিকে যাত্রা শুরু করে বলে এই সংক্রান্তিকে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয়।
শাস্ত্রমতে মানুষের এক বছর দেবতাদের একটি দিন-রাতের সমান অর্থাৎ মানুষের উত্তরায়ণের ছয় মাস দেবতাদের একটি দিন ও দক্ষিণায়নের ছয় মাস দেবতাদের একটি রাত।
পৌষ সংক্রান্তিতে রোববার সাক্রাইন উৎসবে মেতে ওঠে পুরান ঢাকার বাসিন্দারা। ছবি: দীপু মালাকার
রোববার সকাল থেকেই ছিল এই আচার-অনুষ্ঠানের পর্ব।
পুরান ঢাকার গোয়ালানগর লেনের দুর্গা মন্দিরে ছিল সংক্রান্তি পূজা, স্থানীয়রা যাকে বলছেন ‘বুড়ো বুড়ির পূজা’।
প্রশান্ত চক্রবর্তী বলেন, “এই পূজা মূলত শিব-দুর্গার পূজা, যাকে হরগৌরীর পূজাও বলেন সনাতন ধর্মাবলম্বীরা। তারা বিশ্বাস করেন এই দিনে শিব-পার্বতী কৈলাস ছেড়ে ধরাধামে নেমে আসেন।”
গোয়ালনগর পূজা কমিটির সভাপতি রণজিৎ ঘোষ বলেন, “এ পূজাটিই পৌষ সংক্রান্তির প্রধান পূজা। এই পূজায় আমরা প্রার্থনা করেছি, দেশব্যাপী সংখ্যালঘুদের উপর নিপীড়ন যেন বন্ধ হয়।”
পুরান ঢাকায় রাধিকা মোহন বসাক লেন, শাঁখারীবাজার, তাঁতীবাজার, ওয়ারীর গৌড়ীয় মঠ, সূত্রাপুরে নর্থব্রুক হল রোড, ঠাঁটারিবাজার, লালবাগসহ বিভিন্ন এলাকায় ‘বুড়ো বুড়ি’ পূজা অনুষ্ঠানের কথা জানিয়েছেন ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল রায়।
সাক্রাইন উপলক্ষে পুরান ঢাকার একটি বাসার ছাদে রোববার ঘুড়ির সঙ্গে উড়ছে শিশু মন। ছবি: দীপু মালাকার
বিক্রেতারা জানান, বরাবরের মতো এবারও টানের ঘুড়ি, শুড়ের ঘুড়ি বিক্রি হয়েছে বেশি। বাহারি ডিজাইনের এসব ঘুড়ির সঙ্গে বিক্রি হয়েছে ডলফিন, ড্রাগন সুতা।
পঙ্খীরাজ, বোমা, কাউঠাবাজ, চাদুদর, রকঘুড্ডি, লাভ, নিউ ইয়ারের পাশাপাশি ছোটদের জন্য ছিলো গ্যাস বেলুন, তারাবাতি, মাছলেঞ্জা ঘুড়ি। খুদেদের দল সারা বেলা ঘুরে বেড়িয়ে ঠিক বিকাল হতেই ছোট ভিম, মোটুপাতলু, বেনটেইন ঘুড়িগুলো নিয়ে ঘরে ফিরেছে।
বড়দের হাতে ছিল চারগোয়া, দুই গোয়া, লাভ, ডাব্বা, গরুর মাথা, নাকবাহার, মুখবাহার, গগন্দার, মতিমহল, সিংহদার, মাজদারসহ আরও হরেক রকমের ঘুড়ি।
শীতের বিকাল নামে খুব দ্রুত। দুপুর গড়াতেই শাখারীবাজার, তাঁতীবাজার, বাংলাবাজার, ফরাশগঞ্জ এলাকার ভবন থেকে উড়তে শুরু করে নানা রঙের, নানা আকারের ঘুড়ি। ছেলে-বুড়োর দল তো বটেই, ‘ভো-কাট্টা’ শোরে সুর মিলিয়েছে তরুণী আর মধ্যবয়সী নারীরাও।
ফরাশগঞ্জ রোডে এক বাড়িতে ঘুড়ি উৎসবে যোগ দিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণ বলেন, “এটা আসলে নিরাপত্তার নামে অজুহাত। ফানুস পড়ে কারো কিছু পুড়ে গেছে, এমনটি তো শুনিনি। ধর্মীয় গোষ্ঠীকে তুষ্ট করতেই এমন সব সিদ্ধান্ত।”
সাকরাইন উৎসবে ফানুস ওড়াতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক প্রবীণরাও। তাদের আশা, ফানুস ওড়ানোর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
