২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকারের সাক্ষাৎ

লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সাবিনা আখতার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2018, 11:21 PM

Updated : 08 Apr 2022, 05:43 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সাবিনা আখতার শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন বিশেষ করে শিক্ষা ও নারীর ক্ষমতায়নে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

তার এলাকায় প্রায় এক লাখ বাঙালির বসবাস এবং তারা সেখানে বেশ কয়েকটি বাঙালি স্কুল পরিচালনা করছেন বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি।

সাবিনা আখতার বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়েই তিনি বাংলাদেশে এসেছেন।

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার নির্বাচিত হওয়ায় সাবিনা আখতারকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

গত বছরের ১৭ মে সাবিনা আখতার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার নির্বাচিত হন।  

শিক্ষা খাতের উন্নয়নে তার সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমরা সকল পর্যায়ে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে পৃষ্ঠপোষকতা প্রদান করছি।”

প্রধানমন্ত্রী প্রাথমিক স্কুল পর্যায়ে সরকারের দেওয়া এক কোটি ৩০ লাখ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার কথা উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।