বাংলাদেশ এখন বিদেশিদের জন্য সম্পূর্ণ নিরাপদ: নূর
অতীতের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশ এখন বিদেশিদের জন্য ‘নিরাপদ স্থান’ বলে দাবি করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
২০১৬ সালে গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশির মৃত্যুর পর তা কাটিয়ে উঠে বেশ কয়েকটি অনুষ্ঠান সফলভাবে আয়োজনের দিকে ইঙ্গিত করে এই দাবি করেন তিনি।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,বুধবার সচিবালয়ে বাংলাদেশে জাপানের নতুন রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমির সঙ্গে বৈঠকে নিরাপত্তার কথা বলেন মন্ত্রী।
আসাদুজ্জামান নূর বলেন, “বাংলাদেশ এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় বিদেশিদের জন্য নিরাপদ স্থান। হলি আর্টিজানের দুঃখজনক ঘটনার পর থেকে বাংলাদেশ ইতোমধ্যে আইপিইউ, সিপিইউ ও ঢাকা লিট ফেস্টের মতো বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলন সাফল্যজনকভাবে সম্পন্ন করেছে।”
হলি আর্টিজান বেকারিতে হামলায় নিহতদের মধ্যে কয়েকজন জাপানি ছিলেন, যারা ঢাকার মেট্রোরেল প্রকল্পে কাজ করেছিলেন।
ওই হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে অনেক জঙ্গি মারা পড়ে, আটকও হয় অনেকে। পুলিশ বলছে, জঙ্গিদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে।
সংস্কৃতিমন্ত্রী জাপানকে বাংলাদেশের আর্থসামাজিক ও সংস্কৃতি ক্ষেত্রে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।
রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, সাংস্কৃতিক বিনিময় সফর ও চলচ্চিত্র উৎসব আয়োজনের বিষয়ে আলোচনা হয়।
জাপানি রাষ্ট্রদূত বাংলাদেশের বৌদ্ধ সভ্যতার নিদর্শনসমূহ সংরক্ষণে গুরুত্বারোপ করেন।
তিনি জানান, ওসাকার নারুতো সিটির আদলে নারায়ণগঞ্জকে ঢাকার ‘সিস্টার সিটি’ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেবে জাপান।
এসময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা মালেক, জাপান দূতাবাসের দ্বিতীয় সচিব মাচিকো ইয়ামামুরা উপস্থিত ছিলেন।
