২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম বিভাগে খানা জরিপ চলতি মাসেই

দ্বিতীয় পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম বিভাগের সব জেলা ও ময়মনসিংহের নেত্রোকোণা জেলায় ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ প্রকল্পের তথ্য ভাণ্ডার শুমারির কাজ চলতি মাসেই শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2018, 11:02 PM

Updated : 19 Aug 2022, 01:23 PM

আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হয়ে শুমারির কাজ চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শুমারির বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, দ্বিতীয় পর্যায়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সব জেলা এবং ময়মনসিংহ বিভাগের নেত্রোকোণা জেলাসহ মোট ২৫টি জেলায় ১ কোটি ৬০ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। এভাবে তিন পর্যায়ে সারাদেশের ৩ কোটি ৬০ লাখ খানা থেকে সাক্ষাৎকারের জন্য সরাসরি তথ্য সংগ্রহ করা হবে।

ইতোমধ্যেই প্রথম পর্যায়য়ে রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের ১৭টি জেলায় ৮৬ লাখ ৯ হাজার পরিবারের তথ্য সংগ্রহণ করা হয়েছে। তৃতীয় পর্যায় সিলেট, খুলনা বিভাগের ২২ জেলায় তথ্য সংগ্রহ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হচ্ছে ৭২৭ কোটি ৩৫ লাখ টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক ঋণ দিচ্ছে ৬৮৬ কোটি টাকা। বাকি টাকা সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, পরিসংখ্যান আইন ২০১৩ এবং পরিসংখ্যান উন্নয়ন সংক্রান্ত জাতীয় কৌশলপত্র সরকার কর্তৃক অনুমোদিত হওয়ার পর থেকে বিবিএস আরও শক্তিশালী হয়েছে। জাতীয় উন্নয়নে তথ্যের চাহিদা পূরণের মাধ্যমে সংস্থাটির উপর অর্পিত দায়িত্ব যথাযথবাবে পালন করে যাচ্ছে।

তিনি বলেন, এমডিজির সাফল্য অক্ষুন্ন রাখার পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য তুলনামূলকভাবে দারিদ্র বিমোচনে সরকার যেসব (১৫০টি) সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশের সব জনগোষ্ঠীর জন্য এ ডাটাবেইজ প্রস্তুত সম্পন্ন হলে তা ব্যবহারের মাধ্যমে সামাজিক নিরপত্তা কর্মসূচির যথাযথ উপকারভোগী নির্বাচনে দেশের দারিদ্র দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

“তথ্য যদি সঠিক না হয় তাহলে কোন পরিকল্পনা সঠিক হবেনা। সঠিক সময়ে, সঠিক তথ্যের প্রয়োজন। এই ধরনের শুমারির মাধ্যমে সেই তথ্য পাওয়া যাবে,” বলেন পরিকল্পনা মন্ত্রী।

তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক আমীর হোসেন ও এনএইচডি প্রকল্পের পরিচালক শফিকুল আলম বক্তব্য রাখেন।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক বলেন, প্রকল্পের মাধ্যমে যে ডাটাবেইজটি তৈরি করা হবে, সেটি সরকারের প্রায় ২৩টি মন্ত্রণালয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী নির্বাচনে ব্যবহার করবে। এর সহায়তায় খানার আর্থ-সামাজিক শ্রেণিবিন্যাসের মাধ্যমে দারিদ্র ও অতি দারিদ্রের প্রকৃতি ও স্বরুপ নির্ধারণ করা সহজ হবে।