বন্যা-ভূমিধস বিষয়ে ঢাকায় বিশেষ সম্মেলন শুরু শুক্রবার
‘বন্যা, জলাবদ্ধতা ও ভূমিধস’ বিষয়ে রাজধানীতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বিশেষ সম্মেলন।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ ‘বিশেষ সম্মেলন’ প্রস্তুতি পরিষদের সদস্য সচিব স্থপতি ইকবাল হাবিব জানান, আগামী শুক্র ও শনিবার রাজধানীর ফার্মগেইটের কৃষিবিদ ইনস্টিটিউশনে এ সম্মেলন হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের (বেন) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে।
এছাড়া সরকারি-বেসরকারি নয় বিশ্ববিদ্যালয়; পাঁচটি শিক্ষা, গবেষণা ও জাতীয় পেশাজীবী- সামাজিক সংগঠন এবং বিষয় সংশ্লিষ্ট বেসরকারি সামাজিক আন্দোলনে জড়িত ৩৭টি সংগঠন সম্মেলনের সহ-আয়োজক হিসেবে থাকছে।
সম্মেলনের মূল লক্ষ্য সম্পর্কে বাপা যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব বলেন, বাংলাদেশের বন্যা, জলাবদ্ধতা ও ভূমিধস সমস্যার মূল ও গভীরের কারণ শনাক্ত করা; বন্যা, জলাবদ্ধতা এবং ভূমিধস সমস্যা সৃষ্টি ও সমাধানে ব্যর্থতার ক্ষেত্রে সরকারি নীতি এবং বিভিন্ন প্রকল্পের ভূমিকা তুলে আনা; বন্যা, জলাবদ্ধতা এবং ভূমিধস সমস্যা সৃষ্টি ও সমাধানে ব্যর্থতার ক্ষেত্রে বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব নিরূপনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
সম্মেলনে বিশেষজ্ঞদের ও সাধারণ মানুষের দুই ধরণের সভা হবে বলে জানান তিনি।
বিশেষজ্ঞদের সভাগুলোতে প্রবন্ধ পেশ ও এর উপর জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বক্তব্য দেবেন।
ইকবাল হাবীব জানান, উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও সম্মেলনে সাধারণ সভা; বন্যা, জলাবদ্ধতা, ভূমিধস বিষয়ে চারটি সভা, বৈজ্ঞানিক সভা, প্লেনারি ধরনের আলাদাভাবে সামগ্রিক সভা, তিন সেশনে প্যারালাল ১৫টি সভা হবে।
এসব সভায় প্রায় ও ৭০টি প্রবন্ধ পেশ করা হবে।
সম্মেলনে অংশ নিতে ইচ্ছুকদের জন্য ইতোমধ্যে নিবন্ধন শুরু হয়েছে জানিয়ে ইকবাল হাবীব জানান, জনপ্রতি নিবন্ধন ফি ৩০০ টাকা। সম্মেলনের আগের দিন পর্যন্ত বাপা দপ্তরে রাত ৯টা পর্যন্ত এ নিবন্ধন চলবে।
শিক্ষার্থী, ঢাকার বাইরের সদস্য ও সহযোগী সদস্যদের ক্ষেত্রে বিশেষ নিবন্ধন ফি ১০০ টাকা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাপার সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি পরিষদের সভাপতি অধ্যাপক এম ফিরোজ আহমেদ, বাপার সাধারণ সম্পাদক এম এ মতিন এবং সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
