এই দিনে জাতির কাছে ফিরেছিলেন বঙ্গবন্ধু
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার বিভিন্ন কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।
মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব।
দিবসটি উপলক্ষে বুধবার ভোরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ফাইল ছবি
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তার নামেই মুক্তিযুদ্ধ চলতে থাকে। তিনিই ছিলেন মুক্তিযুদ্ধে আমাদের প্রেরণার উৎস। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনের পেছনে রয়েছে জাতির পিতার অপরিসীম অবদান। বাঙালির অধিকার আদায়ে তাকে বারবার কারাবরণ করতে হয়।”
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার বাণীতে বলেন, জাতির জনকের স্বাধীন দেশে ফেরার দিনটিতে বাঙালির বিজয় পূর্ণতা লাভ করেছিল।
মুক্তিযুদ্ধে বিজয়ের পর বিশ্ব জনমতের চাপে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। মুক্তির পর তিনি লন্ডন যান। সেখান থেকে ১০ জানুয়ারি দিল্লি হয়ে পৌঁছান ঢাকায়।
লাখো জনতা সেদিন তাদের প্রিয় নেতাকে তেজগাঁও বিমানবন্দর থেকে খোলা ট্রাকে করে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) নিয়ে যায়।
বঙ্গবন্ধু সেখানে সদ্য স্বাধীন জাতির উদ্দেশে ভাষণ দেন। প্রায় কুড়ি মিনিট আবেগঘন বক্তৃতা দেন জাতির পিতা।
তিনি বলেছিলেন, “আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে।
“আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে।”
বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে শহীদ ও আত্মদানকারীদের স্মরণ করার পাশাপাশি ভারত ও সোভিয়েত ইউনিয়নসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সমর্থনকারী দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১৯৭১ সালের ২৫ মার্চ বঙ্গবন্ধুকে তার ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসভবন থেকে পাকিস্তানি সেনারা আটক করে তৎকালীন পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। ওই রাতেই বাংলাদেশের নিরস্ত্র মানুষের ওপর শুরু হয় বর্বর হামলা।
পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে স্বাধীনতার ঘোষণা দিয়ে যান বঙ্গবন্ধু। তার ডাকে বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তি সংগ্রামে।
নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
বঙ্গবন্ধু ১০ জানুয়ারির জনসভায় বলেছিলেন, “আমি জানতাম আমার বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না।”
বন্দীদশায় অনিশ্চিত ভবিষ্যতের কথা তুলে ধরে শেখ মুজিব বলেন, “আমি জানতাম না আমি আপনাদের কাছে ফিরে আসব। আমি খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পর তোমরা আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও; এই একটা অনুরোধ তোমাদের কাছে।”
