জুবায়ের হত্যা: হাই কোর্টের রায় ২৩ জানুয়ারি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত চারজনের সাজা হাই কোর্টেও বহাল থাকবে কিনা তা আগামী ২৩ জানুয়ারি জানা যাবে।
নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির একজন ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছয়জনের মধ্যে পাঁচজনের করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ করে মঙ্গলবার মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাই কোর্ট বেঞ্চ।
সর্বশেষ নবম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরোয়ার কাজল। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নির্মল কুমার দাস।
আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুল মতিন খসরু ও মনসুরুল হক চৌধুরী। তাদের সঙ্গে ছিলেন রানা কাউসার।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পেপারবুক থেকে রাষ্ট্রপক্ষের ২৬ সাক্ষীর জবানবন্দিসহ যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। মোট নয়দিন শুনানি হয়েছে। এর মধ্যে রাষ্ট্রপক্ষ সাতদিন ও আসামিপক্ষ দুইদিন যুক্তিতর্ক উপস্থাপন করেছে।”
আদালত ২৩ জানুয়ারি মামলাটি রায়ের জন্য রেখেছে জানিয়ে তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে রাশেদুল ইসলাম রাজু আপিল করেছিলেন। বাকিরা পলাতক। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছয় আসামির মধ্যে অরূপ পলাতক। বাকি পাঁচজন আপিল করে।”
২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি জুবায়ের আহমেদ হত্যা মামলার রায়ে পাঁচ আসামিকে ফাঁসি ও ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাস দেওয়া হয়।
আসামিরা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।
ফাঁসির দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন, প্রাণিবিজ্ঞান বিভাগের আশিকুল ইসলাম আশিক, খান মোহাম্মদ রইছ ও জাহিদ হাসান, দর্শন বিভাগের রাশেদুল ইসলাম রাজু এবং সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম। এদের মধ্যে রাশেদুল ইসলাম রাজু ছাড়া বাকি চারজন পলাতক।
যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ পাওয়া আসামিরা হলেন, পরিসংখ্যান বিভাগের ছাত্র শফিউল আলম সেতু ও অভিনন্দন কুণ্ডু অভি, দর্শন বিভাগের কামরুজ্জামান সোহাগ ও ইশতিয়াক মেহবুব অরূপ, ইতিহাস বিভাগের মাজহারুল ইসলাম এবং অণুজীববিজ্ঞান বিভাগের ছাত্র নাজমুস সাকিব তপু।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে অরূপ পলাতক, বাকিরা কারাগারে রয়েছেন।
ইংরেজি বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র জুবায়ের ২০১২ সালের ৮ জানুয়ারি ছাত্রলীগের কোন্দলে প্রতিপক্ষের হামলায় নিহত হন।
জুবায়ের নিহত হওয়ার পর ছাত্র-শিক্ষকদের আন্দোলনের এক পর্যায়ে পদত্যাগে বাধ্য হন বিশ্ববিদ্যালয়ের ওই সময়কার উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির।
হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন নিবন্ধক হামিদুর রহমান আশুলিয়া থানায় যে মামলা করেন, তাতে ২০১২ সালের ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ১৩ ছাত্রের বিরুদ্ধে ঢাকার হাকিম আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা মীর শাহীন শাহ পারভেজ।
হত্যাকাণ্ডের দেড়বছর পর মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে এলে তা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছিল।
