অপহরণ মামলায় পুনঃতদন্ত চান মজহারের স্ত্রী
ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগের মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে নারাজি দিতে রিভিশন আবেদন করেছেন তার স্ত্রী ফরিদা আখতার।
সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার কাছে জমা দেওয়া এই আবেদনে মামলাটির পুনঃতদন্ত চাওয়া হয়েছে।
ফরিদা আখতারের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে থাকা এ মামলার নথিপত্র আগামী ২২ মার্চ মহানগর দায়রা জজ আদালতে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন বিচারক।
গত ৩ জুলাই সকালে রাজধানীর শ্যামলীর বাসা থেকে বেরিয়ে ফরহাদ মজহারের নিখোঁজ হওয়ার খবর আসে। ওই দিনই ফরিদা আখতার তার স্বামীকে অপহরণের অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি করেন, যা পরে মামলা হিসেবে নথিভুক্ত হয়।
এই অন্তর্ধান নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সব মহলে আলোচনার মধ্যে ১৮ ঘণ্টা পর গভীর রাতে নাটকীয়ভাবে যশোরে একটি বাস থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করার কথা জানায় র্যাব ও পুলিশ।
ওই মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুবুল হক গতবছরের ১৪ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে বলেন, অপহরণের অভিযোগটি ছিল ‘মিথ্যা’।
ফরিদা আখতার ৭ ডিসেম্বর মুখ্য মহানগর হাকিম আদালতে ওই প্রতিবেদনের বিষয়ে নারাজি আবেদন করেন।
কিন্তু বিচারক সেই আবেদন নামঞ্জুর করায় সোমবার মহানগর দায়রা জজ আদালতে আবারও নারাজি দিয়ে পুনঃতদন্তের জন্য এই রিভিশন আবেদন করা হয় বলে জানান জয়নুল আবেদীন মেজবাহ।
এদিকে মিথ্যা তথ্য দিয়ে মামলা করার অভিযোগ এনে কবি-কলামনিস্ট ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আখতারের বিরুদ্ধে উল্টো আরেকটি মামলা করেছে পুলিশ।
ওই মামলায় তাদের ৩০ জানুয়ারি ঢাকার হাকিম আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে ইতোমধ্যে সমন জারি করা হয়েছে।
জয়নুল আবেদীন মেজবাহ বলছেন, তাদের রিভিশন আবেদনের ফলে ওই সমনের আর কার্যকারিতা থাকছে না।
আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা প্রথম দিন থেকেই বলে আসছিলেন, অপহরণের কোনো নজির তারা পাননি। বরং ফরহাদ মজহার নিজেই অপহরণের ‘নাটক’ করেছিলেন বলে তাদের ধারণা হয়েছে।
তবে ফরহাদ মজহার আদালতে দেওয়া জবানবন্দিতে অপহরণের কথাই বলেন। তিনি সেখানে দাবি করেন, তাকে অপহরণ করে খুলনায় নেওয়া হয়েছিল। অপহরণকারীরা তার কাছ থেকে মুক্তিপণও দাবি করেছিল।
এ বিষয়ে তদন্ত শুরুর পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত ১০ জুলাই ঢাকার আদালতে অর্চনা রানি নামে এক নারীকে হাজির করে। নিজেকে ফরহাদ মজহারের ‘শিষ্য’ বলে জবানবন্দিতে দাবি করেন তিনি।
সেখানে তিনি বলেন, সেদিন ফরহাদ মজহার তার জন্য অর্থ জোগাড় করতেই বেরিয়েছিলেন এবং ১৫ হাজার টাকাও পাঠিয়েছিলেন।
খুলনায় মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টের দোকানে ফরহাদ মজহারের যাওয়ার এবং ওই এলাকায় তার একাকী ঘোরাফেরার একটি ভিডিও পরে সাংবাদিকদের সরবরাহ করে পুলিশ।
পরে ১৪ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পাশাপাশি মিথ্যা মামলা দায়েরের অভিযোগে মজহার দম্পতির বিরুদ্ধে পাল্টা মামলা করার অনুমতি চায় পুলিশ।
আদালতের অনুমতি পাওয়ার পর গত ২৮ ডিসেম্বর ডিবি পুলিশের পরিদর্শক মাহাবুবুল ইসলাম আদালতের নন জিআর শাখায় মিথ্যা তথ্য দেওয়ার এই প্রসিকিউশন মামলাটি পাঠান।
পুলিশ মামলার অনুমতি নেওয়ার পর ফরহাদ মজহার সংবাদ সম্মেলন করে বলেছিলেন, তাকে ‘গুম’ করার উদ্দেশ্যেই ধরে নেওয়া হয়েছিল। সে অবস্থা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধার করলেও পরে চাপ দিয়ে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করেছে।
