শুক্র-শনি ছাড়া সভা-শোভাযাত্রা হবে না: ডিটিসিএ
রাজধানীতে যানজট ও জনদুর্ভোগ কমাতে সাপ্তাহিক ছুটির দিন ছাড়া সড়কে সব ধরনের সভা-শোভাযাত্রা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)
রোববার নগরভবনে ডিটিসিএর পরিচালনা পরিষদের দশম সভায় এই সিদ্ধান্ত হয়।
সভা শেষে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মটরসাইকেলে দুইজনের বেশি উঠা যাবে না এবং শুক্র-শনিবার ছাড়া ঢাকার রাস্তায় কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হবে না বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। কেউ তা অমান্য করলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং সাংসদ নুরুল মজিদ হুমায়ুন উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকার বিভাগীয় কমিশনার, সড়ক বিভাগ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি, ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা সভাং অংশ নেন।
ডিটিসিএর নির্বাহী পরিচালক সৈয়দ আহম্মেদ রাজধানীর যানজট নিরসনে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। এ সময় ডিটিসিএকে ‘বড় বড় স্বপ্নের’ প্রকল্প না নিয়ে স্বল্পমেয়াদি প্রকল্প নিয়ে তা বাস্তবায়নের পরামর্শ দেন ওবায়দুল কাদের।
সড়কে মন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)
সড়ক বন্ধ করে সভা-সমাবেশ করায় রাজধানীতে যানজট তৈরি হচ্ছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, জনদুর্ভোগ কমাতে বাংলাদেশ আওয়ামী লীগ এখন ছুটির দিনে অনুষ্ঠান করে। শুধু আওয়ামী লীগ নয়, সব দলকে এটা মানাতে হবে। এ কাজটা অন্তত করেন। কোনো মন্ত্রণালয়ের হলেও তা নির্ধারিত সময়ে না করে শুক্র-শনিবার করেন।”
বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শোভাযাত্রাসহ অন্যান্য কর্মসূচি ছুটির দিনে করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই যে বিভিন্ন দিবস আছে বাংলাদেশে। দিবসে কয়েকশ টুপি মাথায় দিয়ে সবাই নেমে যায় রাস্তায়। ঢাক-বাদ্য বাজাতে বাজাতে যায়। এতে রাস্তায় মানুষের দুর্ভোগ বাড়ে।
“এইটা অন্তত কার্যকর করেন। ডিটিসিএ এটা কেন পারছে না? সিদ্ধান্তটা তো আমার সরকার মানছে। আমরা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীও একদিন পরে করেছি।”
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “নির্বাচনের বছর হওয়ায় এবার বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির কারণে ঢাকায় এমনিতেই চাপ থাকবে। শুক্র ও শনিবার ছাড়া সভা-সমাবেশ হলে সামনে ঢাকা শহরে চলাচল করা কঠিন হয়ে পড়বে।”
ঢাকায় বাস রাখার কোনো স্টপওভার টার্মিনাল নেই অভিযোগ করে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্লাহ বলেন, আনন্দ বাজারে একটি টার্মিনাল নির্মাণের উদ্যোগ রেলওয়ের বাধায় আটকে আছে।
জবাবে রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন বলেন, রেলওয়ে কোনো প্রতিবন্ধতা তৈরি করেনি। ওই জমির উপর উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় সেখানে উচ্ছেদ করা যাচ্ছে না।
ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন জায়গায় তৈরি পোশাক কারখানার বাস রাখায় যানজট তৈরি হয় জানিয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে ডিটিসিএর প্রতি আহ্বান জানান মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম।
