২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার প্রথম ‘নতুন দপ্তরে যাচ্ছেন’ তারানা

মন্ত্রিসভায় রদবদলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব হারানো তারানা হালিম রোববার প্রথম তার নতুন দপ্তর তথ্য মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তরে যাচ্ছেন বলে পিআইডি জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2018, 01:58 AM

Updated : 19 Aug 2022, 01:22 PM

বেলা ১১টায় তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে প্রতিমন্ত্রী তারানা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন বলে শনিবার জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. সেলিম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সরকারের শেষ বছরে গত মঙ্গলবার মন্ত্রিসভায় নতুন চারজনের শপথ নেওয়ার পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে তথ্য প্রতিমন্ত্রী করা হয় তারানা হালিমকে।

অভিনেত্রী-সংস্কৃতিকর্মী তারানা প্রায় তিন বছর আগে ডাক ও টেলিযোগাযোগে যোগ দেওয়ার পর ওই মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী ছিল না। এখন তার তথ্য মন্ত্রণালয়ে মন্ত্রী আছেন হাসানুল হক ইনু।

রদবদলের পর বৃহস্পতিবার কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দপ্তরে যোগ দিলেও তারানা হালিম যাননি। ডাক ও টেলিযোগাযোগ বিভাগেও সেদিন যাননি তিনি। সেকারণে তাকে আনুষ্ঠানিক বিদায় জানাতে পারেননি কর্মকর্তারা জানিয়েছেন।

তথ্য মন্ত্রণালয়ে সরিয়ে নেওয়ার পর তারানা হালিমের অসন্তোষের খবর গণমাধ্যমে এসেছিল।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দুই বছরের অর্জন নিয়ে মঙ্গলবার (৩ জানুয়ারি) একটি সংবাদ সম্মেলনে আসার কথা ছিল তারানার।কিন্তু আগের দিন বিকালে মন্ত্রিসভার সম্প্রসারণের পাশাপাশি মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর রদবদলের গুঞ্জনের খবর ছড়িয়ে পড়ার পর রাতে ‘অনিবার্য’ কারণে তা স্থগিত করেন তিনি।

বৃহস্পতিবার ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে একটি অনুষ্ঠানে তারানার থাকার কথা থাকলেও তিনি ছিলেন না।

এরমধ্যে টেলি যোগাযোগের দায়িত্ব পাওয়া নতুন মন্ত্রী মোস্তফা জব্বার বুধবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, “টেলিকম ডিভিশনের প্রতিমন্ত্রী সেখানে আর নেই, কেন নেই আমি তা বলব না।”

নতুন মন্ত্রী মন্ত্রণালয়ের এতদিনের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন, “আমি ধারণা করতে পারি নাই যে টেলিকম ডিভিশনে ক্যান্সারের মতো সমস্যা বিরাজ করে, আর তা সমাধান করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”

তারানা হালিমের অসন্তোষের খবরের প্রেক্ষাপটে বক্তব্য জানতে বৃহস্পতিবার কয়েকবার ফোন করলেও তিনি ধরেননি। সন্ধ্যায় প্রতিমন্ত্রীর বাড়িতে গিয়েও তার সঙ্গে যোগাযোগে বিফল হতে হয়।

ওই দিন ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ৩১ ডিসেম্বরই নয় দিনের ছুটির একটি আবেদন করেছিলেন প্রতিমন্ত্রী। গতকাল (বুধবার) তা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।”

পুরনো খবর:

নতুন দপ্তরে এখনও যোগ দেননি তারানা