গার্হস্থ্য অর্থনীতির ভর্তি ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যাতে ভর্তির যোগ্য বিবেচিত হয়েছেন ৮৯ দশমিক ৮৬ শতাংশ পীক্ষার্থী।
ভর্তির যোগ্য বিবেচিত এই পাঁচ হাজার ২৭৪ জন শিক্ষার্থীর মধ্যে দুই হাজার ৪৭৫ জন ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি সরকারি ও চারটি বেসরাকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজে লেখাপড়া করার সুযোগ পাবেন।
এর মধ্যে আজিমপুর সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজে এক হাজার, ঢাকার বেসরকারি বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ ৫৫০ জন, ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্সে ৫৫০ জন, আকিজ কলেজ অব হোম ইকনমিক্সে ২৭৫ জন এবং ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজে ১০০ জন ছাত্রী ভর্তি হতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক আখতারুজ্জামান মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এই ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আট হাজার ৭৪৫ জন আবেদন করলেও শেষ পর্যন্ত গত ১৫ ডিসম্বের পরীক্ষা দেন পাঁচ হাজার ৮৬৯ জন।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ভর্তিচ্ছুরা তাদের ফল জানতে পারবেন।
এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DU GOC<roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।
উত্তীর্ণরা আগামী ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি ২০১৮ পর্যন্ত ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও ‘চয়েস ফরম’ পূরণ করতে পারবেন।
আর কোটায় আবেদনকারীদের ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারির মধ্যে জীববিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে ফরম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে।
কেউ ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে চাইলে ফি দিয়ে আগামী ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি মধ্যে জীববিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করতে পারবে।
