ডিজিটাল জরিপেই ভূমি জটিলতা নিরসন সম্ভব: প্রতিমন্ত্রী
পরিপূর্ণ ডিজিটাল জরিপের মাধ্যমেই ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন সম্ভব বলে মনে করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা যদি সঠিকভাবে পরিপূর্ণ একটি ডিজিটাল জরিপ সমাপ্ত করতে পারি তাহলে ভূমি সংক্রান্ত জটিলতা ও মামলা অনেকাংশে কমে যাবে। তাই ভূমি ব্যবস্থাপনাকে সুষ্ঠু করতে আমরা এখন ডিজিটাল জরিপ কাজকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি।”
‘ভূমিসেবা ও তথ্য প্রাপ্তিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব শক্তিশালীকরণ’ শীর্ষক এ সেমিনারে জানানো হয়, ভূমি আইন যথাযথভাবে বাস্তবায়ন না হওয়া, তথ্যের অপর্যাপ্তততা, সঠিকভাবে ভূমিজরিপ ও রেকর্ড তৈরি না হওয়া প্রভৃতি কারণ ভূমিসেবা নিশ্চিতকরণে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এছাড়াও ভূমিসেবার পদ্ধতিতে দীর্ঘসূত্রতা, আর্থিক অস্বচ্ছতা ও জটিলতা কোনোভাবেই নিরসন হচ্ছে না। ফলে সরকার দেশের ভূমি ব্যবস্থাপনাকে প্রযুক্তি নির্ভর ও আধুনিক করে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিলেও বাস্তবে এর সুফল পাচ্ছে না সাধারণ মানুষ।
অনুষ্ঠানে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান ভূমি ব্যবস্থাপনা নিয়ে আরও সোচ্চার হওয়ার পরামর্শ দেন।
তিনি বলেন, “ভূমিসেবায় দুনীতি কমিয়ে আনতে হলে নগদ লেনদেনের পরিমাণ কমিয়ে আনতে হবে। এছাড়া সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ক্ষেত্রে আইনের ভিত্তি থাকা দরকার।”
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মতিন-উল হক বলেন, “জমির ক্ষেত্রে অধিকাংশ মামলা হয় সীমানা বিরোধ, মেয়েদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা নিয়ে। আর এ নিয়ে সবচেয়ে বেশি দ্বন্দ্ব হয় গ্রামাঞ্চলে।”
সীমানা নিয়ে বিরোধ নিষ্পত্তিতে সারা দেশে ‘ডিজিটাল সার্ভে’ করার তাগিদ দেন তিনি।
সেমিনারে ভূমিসেবা জনবান্ধব করতে ভূমি অফিসের কর্মকর্তাদের মনোভাবের পরিবর্তন, ভূমিসেবা প্রদানে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার, ডিজিটাল জরিপের কার্যক্রম দ্রুত বাস্তবায়নে জরিপ অধিদপ্তরের জনবল বাড়ানো, সরকারের সেবা সম্পর্কে জনগণকে জানানো, ভূমিসেবা পাওয়ার ক্ষেত্রে দুর্নীতি ও দীর্ঘসূত্রতা রোধের সুপারিশ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে প্রতি সাতজন মানুষের মধ্যে একজন সম্পত্তি নিয়ে ভোগান্তির শিকার হয়। এ প্রেক্ষাপটে স্থানীয় পর্যায়ে ভূমিসেবা প্রাপ্তিতে জনগণকে পরামর্শ ও সহায়তার লক্ষ্যে ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি ২০১৭ সালে দেশের চারটি স্থান- কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ময়মনসিংহের ত্রিশাল, নাটারের সিংড়া এবং পঞ্চগড় সদর উপজেলায় পরীক্ষামূলকভাবে ‘ভূমিবন্ধু’ নামে ভূমিসেবা ও পরামর্শকেন্দ্র চালু করেছে।
ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ কর্মসূচির পরিচালক কেএএম মোর্শেদের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (জরিপ) মো. শামসুল আলম, ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির সহযোগী পরিচালক সাজেদা ফারিসা কবির।
