২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে খুশি ভোটাররা

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন ভোটাররা; নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি তারা। সন্তুষ্ট নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পর্যবেক্ষক সংস্থার কর্মকর্তারাও।

রংপুর প্রতিনিধি

শাহজাদা মিয়া আজাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2017, 05:29 PM

Updated : 12 Apr 2022, 12:57 AM

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর ১৯৩টি কেন্দ্রে একটানা চলে ভোট গ্রহণ।

রংপুরে এবার মোট ভোটারের সংখ্যা তিন লাখ ৯৩ হাজার ৮৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৬ হাজার ২৫৬ জন; নারী এক লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।

সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ সারি পেরোতে হলেও ভোটারদের মধ্যে ছিল উচ্ছ্বাস।

৩০ নম্বর ওয়ার্ডের খাসবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন শামিম পারভেজ। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এবার যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা নজিরবিহীন। আমরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছি।”

প্রায় প্রতিটি কেন্দ্রেই পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বেলা ১২টায় ২৯ নম্বর ওয়ার্ডের মাহিগঞ্জ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় নারী ভোটারের দীর্ঘ লাইন। সেখানে কথা হয় শাহনাজ পারভীন রেশমার সঙ্গে।

তিনি বলেন, “ভোট দেওয়ার জন্য ১১টায় এসেছি। ১২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছি। ভোট দিয়ে বাসায় ফিরে রান্না-বান্না করতে হবে।”

এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান জানান, এখানে মোট ভোটার দুই হাজার ১৪৫ জন। বেলা ১২টা পর্যন্ত ৪৮ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। এরমধ্যে ৩০ শতাংশ নারী ভোটার।

২২ নম্বর ওয়ার্ডের বাবুখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একসঙ্গে ভোট দিতে আসেন পাঁচ তরুণ;িএটাই তাদের ভোট দেওয়া। আর শুরুর অভিজ্ঞতায় সন্তোষ ঝরেছে তাদের কণ্ঠে।

তাদেরই একজন মুতাসির আলম বলেন, “আমরা পাঁচ বন্ধু। প্রথম ভোট দিলাম। খুব ভালো লাগছে। আমরা যাদেরকে ভোট দিয়েছি তারা সকলেই হয়তো জিততে পারবেন না। কিন্তু আমাদের কাছে তারা যোগ্য, সৎ মনে হয়েছে বলেই ভোট দিয়েছি।”

সকালে ভোট দেওয়ার পর আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মেয়র পদের প্রার্থী সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেও ফলাফল নিয়ে শঙ্কার কথা বলেছেন বিএনপির প্রার্থী। তবে ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তাদের সবাই।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বলেছেন, নজিরবিহীন শান্তিপূর্ণভাবে ভোট নিয়েছেন তারা। পরিবেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিল।

নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ফেয়ার ইলেকশন এলায়েন্সের (ফেমা) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রদীপ কুমার পাল দুপুরের পর বলেন, “আমরা ১২টি ভোট কেন্দ্র পর্যেবেক্ষণ করেছি। এসব কেন্দ্রের বুথে বুথে গেছি। নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণ হচ্ছে।”