২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিপক্ষীয় স্বার্থ ও আন্তর্জাতিক বিষয়ে একসঙ্গে কাজ করবে ঢাকা-আঙ্কারা

পারস্পরিক স্বার্থ ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও তুরস্ক একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 07:43 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ বিবৃতিতে একথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আমাদের উন্নয়নের অগ্রযাত্রায় তুরস্ক পাশে থাকবে বলে আমরা আশা করছি।”

বাংলদেশ ও তুরস্কের মধ্যে উচ্চ পর্যায়ের সফরের অংশ হিসেবেই তুরস্কের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন বলে জানান তিনি।

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরত পাঠাতে বাংলাদেশকে অব্যাহত সমর্থন দেওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, দুই প্রধানমন্ত্রীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক বিষয় এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

“জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাসহ পারস্পরিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ইস্যুতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি আমরা।”

এছাড়া ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, শিক্ষা, পর্যটন ও যোগাযোগের মতো বিষয়গুলোও দুই নেতার আলোচনায় এসেছে বলে জানান তিনি।

রোহিঙ্গা সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘকে বাংলাদেশের পাশে থাকতে যৌথ বিবৃতিতে আহ্বান জানান তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

রোহিঙ্গা সংকট মোকাবেলায় তুরস্ক বাংলাদেশের প্রতি সহায়তার হাত আরও সম্প্রসারিত করতে চায় বলে জানান তিনি।

বাংলাদেশকে ভ্রাতৃপ্রতীম দেশ হিসেবে উল্লেখ করে ইলদিরিম বলেন, “তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে।”

তুরস্কের গণতন্ত্রের প্রতি সমর্থন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং রোহিঙ্গা ইস্যুতে ভূমিকার জন্য তার নেতৃত্বেরও প্রশংসা করেন ইলদিরিম।

যৌথ বিবৃতির আগে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন এবং পণ্যের মাণ নিয়ন্ত্রণে প্রাতিষ্ঠানিক পর্যায়ে সহযোগিতা বাড়াতে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুদেশের মধ্যে দুটি সমঝোতা স্মারকে সই হয়।

শিল্প উৎপাদন, পণ্যের মান নিয়ন্ত্রণে প্রাতিষ্ঠানিক উন্নয়ন, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং জ্ঞান আদান-প্রদানে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার কথাও তুলে ধরেন শেখ হাসিনা।

বুধবার সকালে ঢাকা থেকে কক্সবাজারে যাবেন বিনালি ইলদিরিম। সেখানে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি।

দুই প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতির পর তাদের দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে সাংবাদিকদের জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

পররাষ্ট্র সচিব বলেন, “দুই প্রধানমন্ত্রীর মূল্যায়নে এসেছে, বেশ কিছু দিন ধরেই আমরা দেখছি বাংলাদেশ ও তুরস্ক আন্তর্জাতিক ক্ষেত্রে, বিশেষ করে সেটা জেরুজালেম, ওআইসি, সিরিয়া, লিবিয়া বা ইরাক ইস্যু হোক, বাংলাদেশ ও তুরস্ক একই ধরনের নীতিগত অবস্থান নিয়ে আছে।”

এর ফলে দুই দেশের সম্পর্কে একটা ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করেন তিনি।

শহীদুল হক বলেন, “আমি মনে করি, বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্কের একটা বড় ধরনের অগ্রগতি হচ্ছে। যেটা আমার মনে হয় যে, বাংলাদেশের জন্য, সরকারের জন্য ও বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আমি মনে করি, সকল বিবেচনায় সম্পর্কটা একটা নতুন স্তরে উন্নীত হচ্ছে।”

যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে তুরস্কের অবস্থান নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, “না, এ ধরনের কোনো বিষয় নিয়ে এখানে আলোচনা হয়নি।”

গত বছর যুদ্ধাপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের পর উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়েপ এরদোয়ান, যা নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন দেখা দেয়।

ওই প্রসঙ্গ উল্লেখ করে দুই সচিবকে এক সাংবাদিক প্রশ্ন করেন, “যুদ্ধাপরাধের বিচারের ইস্যুতে কি সম্পর্ক স্থবির ছিল এবং সেখান থেকে কি নতুন স্তরে উন্নীত হচ্ছে?”

জবাবে শহীদুল হক বলেন, “এটা আমি ওইভাবে মনে করি না। আমরা কখনোই ওইভাবে দেখি না। আমরা মনে করি, সব সময় তুরস্কের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ছিল। একেকটা সময় একেকটা ঘটনার আঙ্গিকে সম্পর্ক নতুন স্তরে উন্নীত হয়। এটাই হয়েছে।”

রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তুরস্কের প্রেসিডেন্ট এখন ওআইসির চেয়ারম্যান। জাতিসংঘ সাধারণ সভার সাইড লাইনে ওআইসির যে সেশন হয়েছিল, সেখানে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।”

জাতিসংঘ ও ওআইসিতে রোহিঙ্গা নিয়ে তুরস্ক ‘খুব শক্তিশালী’ ভূমিকা রেখেছে বলে জানান তিনি।  

বিনালি ইলদিরিম বিকাল ৩টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও এ সময় উপস্থিত ছিলেন।

দুই দিনের এই সরকারি সফরে সোমবার রাতে ঢাকা পৌঁছান তুরস্কের প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তুরস্কের প্রধানমন্ত্রী। রাতে তার সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি।

সফর শেষে বুধবারই কক্সবাজার থেকে তুরস্কের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্টমন্ত্রী ছাড়াও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন।