মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে ডিজিটাল মিডিয়া ব্যবহারের আহ্বান
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও গৌরবগাঁথা যথাযথভাবে সবার কাছে পৌঁছে দিতে তরুণ প্রজন্মের প্রতি ডিজিটাল মিডিয়ার ইতিবাচক ব্যবহারের আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বিজয় দিবস উপলক্ষে রোববার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ‘সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
“বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ একই সুতোয় গাঁথা। কিন্তু ‘৭৫ সালের পর দুটো প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তাই তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও গৌরবগাঁথা যথাযথভাবে পৌঁছে দিতে তরুণ প্রজন্মকে ডিজিটাল মিডিয়ার ইতিবাচক ব্যবহার করতে হবে” বলেন পলক।
বঙ্গবন্ধুর জীবন-কর্ম-আন্দোলন-ত্যাগ ডিজিটাল মিডিয়ার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে নানামুখী কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী পলক বলেন, “ইনডেমনিটির মাধ্যমে বাংলাদেশে বিচারহীনতার পরিবেশ সৃষ্টি করেছিল জিয়াউর রহমান। আমরা ৩৭ বছরের সেই কালো আইন রহিত করে জাতির পিতার হত্যাকাণ্ডের বিচার করেছি, ন্যায়বিচার নিশ্চিত করেছি।
প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমেরারি অধ্যাপক ড . সৈয়দ আনোয়ার হোসেন বলেন, “আমরা মুক্তির জন্য স্বাধীনতা অর্জন করেছিলাম। মুক্তির যুদ্ধ অনিঃশেষ, যা আজও চলমান রয়েছে। আমাদের এই যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে।”
তিনি বলেন, “পৃথিবীর ইতিহাসে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে একটি বৈধ সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। তাই মুক্তিযুদ্ধ শুধু আমাদের অর্জনই না, আমাদের এগিয়ে চলার প্রেরণা, জাতির জন্য এক বিরল সম্মানও বটে।”
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক বলেন, “বঙ্গবন্ধুর ঋণ আমরা শোধ করতে চাই না, এই ঋণ বহন করেই আমরা এগিয়ে যেতে চাই।”
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব পার্থ প্রতিম দেবের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শওকত আরা হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপ-মহাপরিচালক মালিহা নার্গিস, সার্টিফায়িং অথরিটিজের নিয়ন্ত্রক আবুল মনসুর মো. সারফ উদ্দীন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
