‘শিশুর জন্য আনন্দময় পাঠাগার’
শিশুর পঠনদক্ষতা উন্নয়নে সরকারি ও কমিউনিটিভিত্তিক গণগ্রন্থাগারগুলোকে সামাজিক বিকাশ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করেছে তিনটি বিদেশি উন্নয়ন সংস্থা।
শিশুর পাঠদান ও শিক্ষাগ্রহণ প্রক্রিয়াকে আনন্দময় করে তোলার পাশাপাশি পাঠাগারের সঙ্গে তাদের সম্পৃক্ততা ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতেও কাজ করছে এই উন্নয়ন সংস্থাগুলো।
যুক্তরাষ্ট্রভিত্তিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির ‘বিয়ন্ড এক্সেস বাংলাদেশ’ শীর্ষক একটি প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের ১৯টি জেলায় এসব কাজ করছে সেভ দ্য চিলড্রেন।
মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অনুদানের পাশাপাশি এতে সহযোগিতার করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড ( আইরেক্স)।
মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরে সভাকক্ষে ‘বিয়ন্ড এক্সেস বাংলাদেশ’ প্রকল্পের বিস্তারিত তুলে ধরতে এক অনুষ্ঠানের আয়োজন করে সেইভ দ্য চিলড্রেন।
এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন রাজধানীর জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার, ইউএসএআইডির অফিস অফ পপুলেশন, হেলথ, নিউট্রিশন অ্যান্ড এডুকেশন বিভাগের পরিচালক ক্যারল ভাসকুয়েজ, সেইভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ইশতিয়াক মান্নান।
শুরুতে ইশতিয়াক মান্নান জানান, শিশু ও তার পরিবারের সদস্যদের আনন্দময় শিক্ষা গ্রহণ পদ্ধতি ও উন্নতমানের পাঠ উপকরণের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ২০১৩ সালে ইউএসএআইডির অর্থায়নে একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হিসেবে পাঁচ বছর মেয়াদী ‘রিড’ প্রকল্প হাতে নেয় সেইভ দ্য চিলড্রেন।
১৯টি জেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধিভুক্ত পাঁচ হাজার ১১২টি বিদ্যালয়ে এই ‘রিড’ প্রকল্প নিয়ে কাজ শুরু করে সেইভ দ্য চিলড্রেন। ২০১৭ সাল পর্যন্ত এই কার্যক্রমের আওতায় সারা দেশ ১০ লাখ ৬০ হাজার শিশুর পাঠ-দক্ষতা বাড়াতে ভূমিকা রেখেছে তারা। এ পর্যন্ত ৪৩টি জেলায় নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছে সংস্থাটি।
ইশতিয়াক বলেন, “প্রাথমিক স্তরের প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের পঠন দক্ষতার উন্নয়নই রিড কার্যক্রমের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের বাংলা ভাষা পড়ার জন্য রিড প্রকল্প পড়তে শেখার পাঁচটি উপাদানের সমন্বিত কার্যকারিতা নিশ্চিত করে। পড়ার দক্ষতার এই উপাদানগুলো হল: ধ্বনি সচেতনতা, বর্ণ জ্ঞান, শব্দ ভাণ্ডার, সাবলীলতা ও বোধগম্যতা।
“এই প্রকল্পের মাধ্যমে বিদ্যালয় জীবনের শুরুতে পড়ালেখার প্রতি আগ্রহ বৃদ্ধি নিশ্চিত করার মাধ্যমে একই শ্রেণিতে শিশুর পুনরাবৃত্তি এবং প্রাথমিক শিক্ষা স্তরে ঝরে পড়ার হার হ্রাস করা সম্ভব হবে।”
এই প্রকল্পের আওতায় গণগ্রন্থাগারগুলোতে প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিশুদের জন্য স্তরভিত্তিক শিশুতোষ বই, ট্যাবলেট ডিভাইস, ডিজিটাল রিডিং হাব তৈরি, পঠনদক্ষতা ও সাক্ষরতা বৃদ্ধিতে সহায়ক অ্যান্ড্রয়েড অ্যাপস প্রদান করছে সেইভ দ্য চিলড্রেন। পাশাপাশি চলছে লাইব্রেরিয়ানদের কর্মদক্ষতা উন্নয়নের কর্মশালাও।
প্রকল্পের কার্যক্রম এখানেই থেমে নেই; নিয়মিতভাবে তারা আয়োজন করছে শিশুদের বর্ণ ও শব্দ খেলা, আনন্দদায়ক শিক্ষা উপকরণ প্রদান, মা সমাবেশ, পড়া উৎসব।
অনুষ্ঠানে নিজেদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সেইভ দ্য চিলড্রেনের কর্মকর্তারা। বেস লাইন অ্যান্ড লাইন মার্কিংয়ের মাধ্যমে বিভিন্ন ইস্যুতে অগ্রগতির পরিসংখ্যান উপস্থাপন করে তারা।
সেইভ দ্য চিলড্রেনের কর্মকর্তারা জানান, ‘বিয়ন্ড এক্সেস বাংলাদেশ’ কার্যক্রমটি শুরুর পরে প্রতিদিন গ্রন্থাগারে দর্শক আসার হার ১৬ শতাংশ থেকে বেড়ে ২৪ শতাংশে উন্নীত হয়েছে। শিশুর আনন্দময় পাঠ গ্রহণের সময় ২০১৩ সালে ছিল গড়ে ১৪ মিনিট, সাড়ে চার বছর পরে তা বেড়ে উন্নীত হয়েছে ৩০ শতাংশে। আনন্দময় পাঠ গ্রহণে শিশুর অংশগ্রহণের হার ছিল ৪৪ শতাংশ, এখন তা হয়েছে ৬১ শতাংশ।
আনন্দময় পাঠ গ্রহণ প্রক্রিয়ায় শিশুরা খোঁজে নিয়েছে তাদের নতুন সব বন্ধুদের। বন্ধুদের নিয়ে এই পাঠগ্রহণ প্রক্রিয়াটি ৩৬ শতাংশ থেকে বেড়ে উন্নীত হয়েছে ৭৭ শতাংশে।
কর্মজীবী বাবা মায়েরা নাকি শিশুদের পঠনপ্রক্রিয়া সময় ব্যয় করতে চান না। এই প্রকল্প শুরুর সময়ে এই হার ছিল মাত্র ৮ শতাংশ, এখন তা বেড়ে হয়েছে ২৫ শতাংশ। শিশুকে বই পড়ে শোনানো অভিভাবকের সংখ্যা ৩১ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪৮ শতাংশ।
নিয়মিতভাবে লাইব্রেরিতে আসা আর অনিয়মিত পাঠকদের মধ্যেও একটি জরিপ করেছে সেইভ দ্য চিলড্রেন।
তারা জানায়, এখন শুদ্ধভাবে বাংলা উচ্চারণ করতে পারছে শতকরা ৯০ শতাংশ ব্যবহারকারী, অনিয়মিত পাঠক বা একেবারেই না আসা পাঠকদের মধ্যে এই হার ৮৫ শতাংশ। প্রচলিত বাংলা শব্দগুলোর সঠিক উচ্চারণের হার এখন ৮৬ শতাংশে উন্নীত হয়েছে, বিপরীতে অনিয়মিতদের মধ্যে এই হার ৭৫ শতাংশ।
অনুষ্ঠানে যোগ দিয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গণগ্রন্থাগারের উন্নয়নে সরকারি নানা প্রকল্পের কথা তুলে ধরে বলেন, “আমি শিশুদের আনন্দময় পাঠদান প্রক্রিয়া নিয়ে প্রায়ই কথা বলি। অভিভাবকদের বলি, লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের সংস্কৃতি চর্চার কথা। কিন্তু লাভ কি হচ্ছে? কেউ তো শুনছে না।”
তিনি বলেন, “আমরা যে প্রকল্পটি নিয়েছিলাম শিল্পকলা থেকে, তা ভেস্তে যেতে বসেছে। ছেলেমেয়েদের গান শেখানোর ব্যাপারে খোদ স্কুল কর্তৃপক্ষ বিরোধিতা শুরু করে দিয়েছে।”
হোমওয়ার্কের বাড়তি চাপ, প্রযুক্তি পণ্যের প্রসার আর জিপিএ-৫ অর্জনের লক্ষ্য বেঁধে দিয়ে শিশুর আনন্দময় বিকাশের পথ অবরুদ্ধ করার অভিভাবক ও শিক্ষক মহলের তীব্র সমালোচনা করেন তিনি।
নূর বলেন, “এমপিওভুক্তির সুযোগে কিছু মানুষ টাকা পয়সা দিয়ে স্কুলের শিক্ষক বনে গেছেন। এদের আসলে কোনো যোগ্যতা নেই শিক্ষকতার। এদের কাছ থেকে আনন্দময় পাঠদান আশা করা যায় না।”
পরে গণগ্রন্থাগার বিকাশে উদ্যোক্তাদের অর্থলোভকে অন্তরায় হিসেবে দায়ী করেন সংস্কৃতিমন্ত্রী।
“ধরুন, দেশের বিভিন্ন গণগ্রন্থাগারের পাশাপাশি কমিউনিটি গ্রন্থাগারগুলোকে ২৫ হাজার টাকার বই আর ২৫ টাকার অর্থ অনুদান প্রদান করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। উদ্যোক্তারা কি করবে, তারা চেক নেবে কিন্তু বই নেবে না। কারও কারও তো লাইব্রেরির অস্তিত্ব নেই। একটা লেটার হেড আছে, ওটাতে আবেদন করে অনুদানের জন্য। আমরা এসব লাইব্রেরির বিষয়ে আরো কঠোর অবস্থানে যাব।”
পরে শিশুর বিকাশে ‘বিয়ন্ড এক্সেস’ প্রকল্পের নানা দিক নিয়ে আলোকপাতও করেন তিনি।
