২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলন্ত বাসে উঠে যাত্রীকে গুলি

চলন্ত বাসে উঠে এক যাত্রীকে গুলি করার অভিযোগ উঠেছে ঢাকার আগারগাঁওয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 11:11 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

সোমবার বিকেলে ওই ঘটনায় ডান হাতে গুলিবিদ্ধ অবস্থায় শহীদুল ইসলাম নামে এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন বলেন মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তবে থানা পুলিশ দাবি করছে, তাদের এলাকায় ওই রকম কোনো ঘটনার কথা তাদের জানা নেই।

আহত শহীদুল ইসলাম ‘চেয়ার বাজার’ নামে বাড্ডার একটি আসবারের দোকানে চাকরি করেন।

ওই দোকানের মালিক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাইম ব্যাংকের কিছু চেয়ার মেরামত করতে সোমবার সকালে শহীদুলকে সাভারে পাঠানো হয়েছিল। বেলা ১টার পর কাজ শেষ করে বৈশাখী পরিবহনের একটি বাসে সাভার থেকে বাড্ডার উদ্দেশ্যে রওনা হন শহীদুল।

তার বরাত দিয়ে আবুল বাশার জানান, আগারগাঁওয়ে যাত্রী তোলার জন্য বাসের গতি কমানো হলে বাসে থাকা এক ব্যক্তি শহীদুলের হাতের ব্যাগ ধরে টানাহেঁচড়া শুরু করে। শহীদুল তাকে বাধা দেন এবং ওই বাসের যাত্রী আরেক বৃদ্ধও এগিয়ে আসেন।

“বাসের পাশে রাস্তায় থাকা একটি মোটরসাইকেল থেকে এক যুবক তখন বাসে ওঠে আসে। সে পিস্তল বের করে শহীদুলের বাঁ হাতে গুলি করে বাস থেকে নেমে আবার মোটরসাইকেলে চড়ে চলে যায়।”     

শহীদুলকে প্রথমে বাড্ডা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার হাত থেকে গুলি বের করা হয় বলে আবুল বাশার জানান।

“আমরা ঝামেলা এড়াতে তখন থানা পুলিশে যাইনি। শহীদুলের ব্যাগে ফার্নিচার মেরামতের কিছু যন্ত্রপাতি ছিল। যারা তাকে গুলি করেছে তারা হয়ত ভেবেছে যে ব্যাংক থেকে এসেছে, টাকা তুলে সে ঢাকায় ফিরছে।”

এ বিষয়ে খোঁজ করলে শেরেবাংলা নগর থানার ওসি জিজি বিশ্বাস বলেন, “আমার থানা এলাকায় এমন কোন ঘটনা ঘটেনি। শুনেছি কাফরুল থানা এলাকায় একজনকে দুর্বৃত্তরা বাসে উঠে হাতে গুলি করেছে।”

আর কাফরুল থানায় যোগাযোগ করলে ওসি আবদুল কাইয়ুম বলেন, “চলন্ত বাসে উঠে কাউকে গুলি করা হয়েছে এমন কোনো ঘটনা শুনিনি।”