২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে ঢাকায় আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন

বাংলাদেশসহ বিভিন্ন দেশের তিন শতাধিক কবি, লেখক, সাহিত্যিক ও সমালোচকের অংশগ্রহণে আসছে জানুয়ারিতে ঢাকায় বসছে তিন দিনের আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 10:53 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ জানুয়ারি বিকাল ৩টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারাদ মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করবেন। ১৫ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন পরিষদের এ আয়োজনে সহযোগিতায় থাকছে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন ও ফ্রেন্ডস অব বাংলাদেশ।

আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন পরিষদ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ আয়োজনে তারা সাহিত্যের সঙ্গে শিল্পের সংযোগ ঘটাতে চায়।

বিষয়ভিত্তিক ছয়টি সেমিনারের সঙ্গে সম্মেলনে থাকছে দুটি মঞ্চনাটক, সংগীত, গল্প ও কবিতাপাঠ, চলচ্চিত্র প্রদর্শনী ও আবৃত্তির আয়োজন।

বিভিন্ন ভাষায় প্রকাশিত বই এবং লিটল ম্যাগাজিন বিক্রি ও প্রদর্শনের পাশাপাশি সম্মেলনের আয়োজনে আপ্যায়নের জন্য রেস্তোরাঁও খোলা হবে।

আয়োজকরা বলছেন, ঢাকার মাটিতে এ সম্মেলনের মূল বার্তা হবে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি ভালোবাসাকে ছড়িয়ে দেওয়া। 

স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন হয়েছিল ১৯৭৪ সালে। সেই সম্মেলনের উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর ১৯২২ সালে ভারতের বেনারসে রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে প্রথম ‘নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন’ হয়। এরপর ৯৪ বছরে ৮৯ বার এ সম্মেলন বসেছে।

সম্মেলনের প্রথম দিন বিকাল সাড়ে ৫টায় থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শনী, কবিতাপাঠ, গল্পপাঠ, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজনর করা হয়েছে। পাশাপাশি সম্মেলন স্থলে তিনটি মঞ্চে যুগপৎ পরিবেশিত হবে নৃত্য ও নাটক।

সম্মেলনের দ্বিতীয় দিন ১৪ জানুয়ারি সকাল ১০টায় হবে ‘বাংলা সাহিত্যে দেশভাগের অভিঘাত’ শিরোনামে একটি সেমিনার। সেদিন ‘সাহিত্য ও চলচ্চিত্র’; ‘সাম্প্রতিক কালের সাহিত্য’ শিরোনামে আরও দুটি সেমিনার হবে। পাশাপাশি কবিতা ও গল্প পাঠ, আবৃত্তি, সংগীত, নৃত্যানুষ্ঠান ও নাটকের পরিবেশনা থাকছে।

সমাপনী দিন সোমবার থাকছে ‘ভাষা আন্দোলন ও বাঙালি জাতিসত্তা’; ‘অনুবাদের সাহিত্য, সাহিত্যের অনুবাদ’ এবং ‘প্রযুক্তির বিশ্বে সাহিত্যের সঙ্কট ও সম্ভাবনা’ শীর্ষক তিনটি সেমিনার।

সেদিন বিকাল ৫টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

সাহিত্য সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজনে ২০১ সদস্যের যে আয়োজক পরিষদ গঠন করা হয়েছে, তার প্রধান পৃষ্ঠপোষক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

পৃষ্ঠপোষক হিসেবে আরও আছেন ভারতের ঝাড়খণ্ড রাজ্য সরকারের মন্ত্রী সরযু রায়। প্রধান উপদেষ্টা  হিসেবে আছেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অধ্যাপক আনিসুজ্জামান এ আয়োজক পর্ষদের সভাপতি।