যাত্রীবেশী নারী চোরকে হাতেনাতে ধরলেন নারী
ঢাকায় বাসে সহযাত্রী বেশে হ্যান্ডব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতে-নাতে ধরা পড়েছেন এক নারী।
সোমবার সকালে রামপুরায় সামিরা আহমেদ নামে এক বাসযাত্রী হালিমা খাতুন নামে ওই নারীকে আটক করেন বলে পুলিশ জানায়।
সামিরা বিদেশি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা। এই ঘটনায় তার স্বামী এম এ রহমান মাসুম বাদী হয়ে একটি মামলা করেছেন রামপুরা থানায়।
থানার ওসি প্রলয় কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রামপুরা টেলিভিশনের পাশের ফুটওভার ব্রিজের নিচে তুরাগ পরিবহনের একটি বাস থেকে সামিরার হ্যান্ডব্যাগ চুরি করে পালিয়ে যাচ্ছিলেন হালিমা। এরপর সামিরা সন্দেহ করে হালিমাকে আটক করে ধমকি দিলে সে ব্যাগটি বের করে দেয়।”
এরপর খবর পেয়ে পুলিশ গিয়ে হালিমাকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় বলে ওসি জানান।
সামিরার স্বামী সাংবাদিক মাসুম বলেন, “হ্যান্ডব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় ওই নারীকে সামিরা আটক করার সময় উপস্থিত জনতাও তাকে সহযোগিতা করে।”
রামপুরা থানার এএসআই ও মামলার তদন্ত কর্মকর্তা নাছির উদ্দিন জানান, আলামত হিসেবে উদ্ধারকৃত হ্যান্ডব্যাগ ও জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর আগেও ওই নারী একইভাবে বাস থেকে ব্যাগ চুরি করে নেওয়ার সময় হাতে-নাতে গ্রেপ্তার হয়েছিলেন।”
