আনিসুলের স্বপ্নের বাস্তবায়ন হবে: প্যানেল মেয়র
প্রয়াত মেয়র আনিসুল হকের সব স্বপ্ন বাস্তবায়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. ওসমান গণি।
আনিসুল হক অসুস্থ হওয়ার পর কাউন্সিলরদের মধ্যে ওসমান গণি মেয়রের দায়িত্ব পালন করে আসছেন। নতুন মেয়র নির্বাচন না হওয়া পর্যন্ত প্যানেল মেয়রই দায়িত্ব পালন করবেন।
‘স্মার্ট ও ক্লিন’ নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে দুই বছর আগে ঢাকা উত্তরের মেয়রের দায়িত্ব নেওয়া আনিসুল হক গত বৃহস্পতিবার মারা যান।
বুধবার রাজধানীর ফার্মগেইটের আনন্দ সিনেমা হলের পাশে ক্লোজ সার্কিট ক্যামেরা, যাত্রী ছাউনি এবং গণশৌচাগার উদ্বোধন করতে এসে প্যানেল মেয়র ওসমান গণি বলেন, “আশা করছি আমাদের প্রয়াত মেয়রের স্বপ্নগুলো বাস্তবায়ন করা হবে। আমরা সে লক্ষ্যে কাজ করে যাব।”
ডিএনসিসির তত্বাবধানে নির্মিত এই যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেটটির যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য তিনি জনপ্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষের প্রতিও আহ্বান জানান।
“আমি যতদিন প্যানেল মেয়র হিসেবে দায়িত্বে আছি, ততদিন তার নেওয়া উদ্যোগগুলো বাস্তবায়নে কাজ করে যাব। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি এবং ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতাও চাই।”
সোশ্যাল মার্কেটিং কোম্পানি, এসএমসির আর্থিক সহযোগিতায় নির্মিত এই যাত্রী ছাউনি ও গণশৌচাগার রক্ষণাবেক্ষণের নগরবাসীকে আহ্বান জানান ওসমান গণি।
ঢাকা উত্তর সিটিতে বেশ কয়েকটি আধুনিক টয়লেট উদ্বোধন করেছিলে আনিসুল হক (ফাইল ছবি)
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে প্রয়াত মেয়র আনিসুল হকের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমসির পরিচালক মোহাম্মদ আলী।
তিনি বলেন, “প্রয়াত মেয়র আনিসুল হকের আহ্বানে সাড়া দিয়ে এই যাত্রী ছাউনি ও টয়লেট নির্মাণে সহযোগিতা দিয়েছে এসএমসি। মেয়র আনিসুল হকের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে আমরা যেন সবাই সক্রিয় হই।”
উত্তর সিটি করপোরেশন এলাকায় এ রকম ১০০টি যাত্রীছাউনি এবং শৌচাগার নির্মাণের পরিকল্পনা আনিসুল হকের ছিল বলে জানান মেসবাহুল ইসলাম।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আবদুর রাজ্জাক, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং এসএমসির ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা খান প্রমূখ উপস্থিত ছিলেন।
